শহীদ বুদ্ধিজীবী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শহীদ বুদ্ধিজীবী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা তে


আজ ১২ই ভাদ্র / প্রেমের দ্রোহের সাম্যের মানবতার কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের জাতীয় কবি প্রেম ও দ্রোহের কবির প্রয়াণ দিবস আজ সে কথা ও মনে হয় আমরা অধিকাংশ ই ভুলে গেছি।

একজন মানুষ হিসেবে নজরুল জন্মালেন ,এবং মারা ও গেলেন ।কিন্তু জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে অমর হয়ে রইলেন
"সেইজন্য একজন কাজী নজরুল ইসলাম একজন কাজী নজরুল ইসলাম ই । "

মানবতার কবি , মানুষের কবি তার সাহিত্যর বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বসলেন । কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র। সাম্যের কবি , মানবতার , প্রেমের ,দ্রোহের বিদ্রোহের কবি তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।

বাংলার ,বাঙ্গালীর জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্ত্বা কেমন হতে পারে ,তা নজরুল আমাদের দেখিয়েছেন

বর্ধমান জেলার আসানসোল মুহকুমার তৎকালীন রাণীগঞ্জ থানার অন্তর্ভুক্ত চুরুলিয়া গ্রামের ঐতিহ্যমণ্ডিত কাজী পরিবারের ১৮৯৯- - - ২৪শে মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬) বুধবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ।  

১৯০৮--- ২০শে মার্চ নজরুল এর পিতা কাজী ফকির আহমেদ এর মৃত্যু হলে কিশোর নজরুল এর আর্থিক অভাবে শিক্ষা জীবন বিঘ্নিত হয় - মসজিদের ইমামতি ,মাজারের খাদেমগিরি ইত্যাদি কাজে জীবিকা নির্বাহ করতেন কিশোর নজরুল

১৯২১--- আলী আকবর খান এর সংগে কুমিল্লায় আসেন এবং সৈয়দা খাতুন এর সাথে  ১৮ জুন (৩রা আষাঢ় ,১৩২৩) বিবাহ করেন । সৈয়দা খাতুনের নজরুল এর দেয়া নাম ছিল " নার্গিস " ।

১৩২৬ এর কার্তিক সংখ্যা ।" মোসলেম ভারত " এ একই সাথে । মার্চ এ প্রথম ক্যাব গ্রন্থ " ব্যাথার দান প্রকাশ করেন ।২৬ শে সেপ্টেম্বর " ধুমকেতু " তে কবির আনন্দময়ীর আগমনে এবং ১৩ অক্টবার ভারতের পূর্ণ স্বাধীনতার দাবী প্রকাশ করেন।২৫ অক্টবার অগ্নিবীণা প্রকাশিত হবার পর ৮ই নভেম্বর রাজদ্রোহের অপরাধে নজরুল এর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করা হয় এবং ২৩শে নভেম্বার কুমিল্লা থেকে নজরুল গ্রেফতার হন।

১৯২৩--- ৭ই জানুয়ারী " রাজবন্দীর জবানবন্দী " রচনা করেন এবং ১৬ জানুয়ারী নজরুল এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন, ২২ শে ফেব্রুয়ারী রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতিনাট্য " বসন্ত" নজরুল এর নামে উৎসর্গিত করেন ।

এপ্রিলে রাজনৈতিক বন্দীদের উপর জুলুম এর প্রতিবাদ এ নজরুল ৩৯ দিন অনশন করেন এবং ডিসেম্বর এ নজরুল মুক্তিলাভ করেন।

১৯৭২---- স্বাধীন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাস্ট গঠন এর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান ভারত সফরে কলকাতায় এসে ভারত সরকারের কাছে আবেদন রাখেন স্বাধীন বাংলাদেশে কবির জন্মদিন পালন করার,১৯৭৫--- কবিকে বাংলাদেশের রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ডি-লিট উপাধি প্রদান করে এবং ১৯৭৬---- সালে জানুয়ারী মাসে কবিকে বাংলাদেশে সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ।২১ ফেব্রুয়ারিতে ২১ শে পদকে ভূষিত করেন।  

১৯৭৬---২৪শে মে তৎকালীন সেনাবাহিনী প্রধান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রাহমান কবি নজরুল কে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ক্রেস্ট উপহার দেন ,এবং নজরুল এর চল চল চল সঙ্গীত টিকে বাংলাদেশের রন সঙ্গীত হিসেবে ঘোষণা করেন এবং ১৯৭৬---২৯শে আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে কবি পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নজরুল এর শারীরিক উপস্থিতি ছিল বাংলাভাষী দের কাছে প্রেরণার উৎস ,তার চলে যাওয়া দুই বাংলা শোকের সাগরে ভেসেছিল কেননা তিনি ছিলেন আমাদের চেতনা তে ছিলেন আমাদের প্রানের কবি ।তিনি দেখিয়ে দিয়ে গেছেন উত্তরন এর পথ যতই কঠিন হোক না কেন , চেস্টা , সাধনা আর প্রতিভায় জীবনের চরাই উৎরাই পেরিয়ে ঠিক আসাধারন হয়ে উঠা সম্ভব ।

বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬

জহির রায়হান বাংলাদেশের লস্ট আইকনের নাম

ঢাকা কলেজের ছাত্র ছিল ছেলে । ছেলেবেলায় একের পর এক কবিতা লিখত ছেলে ,শুনাত আবার ছিড়ে ফেলত। মা জিজ্ঞেস করত
- ছিড়ছ কেন জহির
ছেলে উত্তর দিত এটাত শুনাই ফেলসি রেখে কি হবে। পুরাই তাড়ছিড়া
ফেনীর ছেলে ছিল। কমিউনিস্ট পার্টিতে যোগ দিলে কমরেড মনি সিংহ তার নামের শেষে লাগিয়ে দিলেন রায়হান। ছেলের নাম হয়ে গেল জহির রায়হান । বায়ান্নর এর আইয়ুব সরকারের চাপিয়ে দেয়া ১৪৪ ধারা ভেঙ্গে মিছিলে নাম লেখান প্রথম দশজনের একজন ছিলেন জহির রায়হান।
৭১ এ যুদ্ধ শুরু হলে বর্ডার পেরিয়ে স্বাধীন বাংলা বেতারে যোগদানের জন্য রওনা দেয়ার আগে ভাই জাকারিয়া হাবীব কে জহির রায়হান বলেছিলেন “চলি আবার দেখা হবে, সুদিনে এই বাংলায়। ... আমার জন্য কোন চিন্তা করো না। পথের মানুষ আমি পথেই নেমে গেলাম।”প্রতিবাদ আন্দোলন রাস্তায় হতে পারলে গণমাধ্যম আর সিনেমাতেই হবে"
ফিল্ম প্রমোশনের জগতে এক নতুন ধারার প্রচলন করেন জহির রায়হান। মুভির পোস্টারে দু চারটা শব্দে পুরো মুভির গল্পটা বুঝিয়ে দিয়ে দর্শকের মনে থ্রিল জাগিয়ে হলে আসতে বাধ্য করার এক অদ্ভুত আইডিয়া আসল তার মাথায়। তখন বানাচ্ছেন জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়ার পোস্টারে জহির রায়হান এই আইডিয়া কাজে লাগান। জীবন থেকে নেয়ার প্রমোশনে লেখা ছিল
একটি দেশ
একটি সংসার
একটি চাবির গোছা
একটি আন্দোলন...
এই কয়েকটা শব্দ দেখেই যে কেউ ভাববে চাবির গোছা ,আন্দোলন কাহিনীটা কি? মুভিটা দেখতে হয়।
This is Genius Jahir Raihan
৭২ সালের জানুয়ারীর আজকের এই দিনে প্রাণপ্রিয় ভাই শহীদুল্লাহ কায়সার কে খুজতে গিয়ে মিরপুর বিহারী ক্যাম্পে যান জহির রায়হান। চুয়াল্লিশ বছর চলে গেল আজো জহির রায়হান ফিরে আসেনি
জহির রায়হান এক মিথের নাম। জহির রায়হান কি দিতে পেরেছে তার চাইতে আফসোসের হল জহির রায়হান কি পারত আমাদের
একটা অস্কার
একটা মুভি ইন্ড্রাস্ট্রী
আজকে বলিউডের রাজত্ব দেখলে আফসোস লাগে।
আমাদের একজন জহির রায়হান ছিল আমরা হারিয়েছি
আমাদের সালমান শাহ ছিল অকালে হারিয়েছি তাকেও
জিনিয়াস জহির কে চিনে নিও প্রজন্ম। আমাদের অন্য দেশের আইকন লাগেনা আমাদের আপন আইকনদেরকে জেনে নিও

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

নিজাম উদ্দিন আহমদ

১৯৭১ সালের ২৫ মার্চ সারারাত নিজাম উদ্দিন আহমদ পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাটান। ভোরের আলো ফোটার আগেই তিনি একটা ছোট ট্রানজিস্টার নিয়ে বাইরে যাবার জন্য তৈরি হন। স্ত্রী রেবা তাঁকে বাধা দেয়ার চেষ্টা করেন। কিন্তু নিজাম উদ্দিন আহমদ বলেন, 'এখন কি ঘরে বসে থাকার সময়?' আমাকে বাইরে গিয়ে দেখতে হবে কোথায় কী হলো; তাছাড়া আমার অফিসে টেলিপ্রিন্টারের অপারেটর ও অন্যান্য লোকজন আছে, তাদের খোঁজ নিতে হবে।' এই বলেই তিনি বেরিয়ে যান। সারাদিন ঘুরে দেখেন ঢাকা শহরে পাকবাহিনীর বর্বরতা। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েই তিনি সংগ্রহ করেন গণহত্যার সংবাদ। আবার যথাসময়ে সেগুলো পাঠিয়েও দেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিবিসি'র সংবাদদাতা হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। আর এই সংবাদ পাঠানোর জন্যই নিজাম উদ্দিন আহমদ পাকিস্তানী ঘাতকদের রোষানলে পড়েন, তাঁকে হত্যা করা হয়।
স্বাধীনতা যুদ্ধের নয়টি মাস যিনি নির্ভীক সৈনিকের মতো নানা জায়গায় ঘুরে খবর সংগ্রহ করেছেন এবং বিবিসি'র মাধ্যমে তা বিশ্ববাসীকে জানিয়েছেন, স্বাধীনতা লাভের মাত্র চারদিন আগে সেই নিজাম উদ্দিন আহমদ নিজেই পরিণত হলেন খবরে। নিজাম উদ্দিন আহমদ যে যুদ্ধের কাহিনী নিয়ে নির্ভীকভাবে রিপোর্ট করছিলেন সেই যুদ্ধে বাংলাদেশিদের বিজয়ের খবর বিশ্ববাসীর কাছে তিনি পাঠাতে পারেননি। এর আগেই তাঁকে হত্যা করা হয়। স্বাধীনতার পর তাঁর হত্যাকান্ড নিয়ে পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। বিবিসি'র মার্ক টালিসহ অনেক দেশি-বিদেশি সাংবাদিক এব্যাপারে খোঁজ-খবর করেছেন। কিন্তু হত্যাকান্ডের আজো বিচার পায়নি তাঁর পরিবার।
নিজাম উদ্দিনের মৃত্যুর পর বিবিসি তাঁর পরিবারের জন্য একটি ট্রাস্ট তহবিল গঠন করে। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার এই কৃতিমান সাংবাদিককে মরণোত্তর একুশে পদকে ভূষিত করলে বিবিসি সেদিন নিজাম উদ্দিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উল্লেখ করে - 'এই ঘোষণা এমন একজন সাংবাদিকের কাজের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি, যিনি কর্তব্যের প্রতি আনুগত্যের মূল্য দিয়েছেন নিজের জীবন দিয়ে।'
২৬ মার্চ বিকেল বেলায় নিজাম উদ্দিন যখন বাসায় ফিরলেন তখন তাঁর মুখটা ছিল কালো। স্ত্রীকে বললেন, 'রাস্তায় রাস্তায় লোক মরে পড়ে আছে। ওরা বর্বরের মতো ঘরে ঘরে ঢুকে মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে। কোর্টের ভিতর ঢুকেও গুলি চালিয়েছে।' মূলত ২৬ মার্চ থেকেই তিনি যেন বাঙালীর মুক্তি সংগ্রামের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেন। সংবাদ মাধ্যমে নতুন করে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য আত্মনিয়োগ করেন।
ঢাকায় তখন অনেক বিদেশি সংবাদ সংস্থার সাংবাদিক কর্মরত ছিল। তিনি তাদের হাতে তুলে দিতেন মুক্তি-সংগ্রামের সব তাজা খবর। নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক ম্যাক ব্রাউনসহ অনেক বিদেশি সাংবাদিককে গণহত্যার যথার্থতার প্রমাণ ও প্রামান্য ছবি সংগ্রহের জন্য মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই ধরনের কাজের জন্য অনেক সময়ই তাঁকে জীবনের ঝুঁকি নিতে হয়েছে। তবু দেশমাতৃকার টানে তিনি যেন সব ভুলে গিয়েছিলেন। তখন পাকবাহিনী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কড়া সেন্সরশিপ আরোপ করে। নিজাম উদ্দিন আহমদ কড়া সেন্সরশিপের ভিতরেও কৌশলে বহু তথ্য বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অবহিত করতেন।
রাজধানী ঢাকা তখন ইয়াহিয়ার স্বর্গরাজ্য। কৌশলে কাজ করতে গিয়েও ঠিকই পাক গোয়েন্দাদের চোখে পড়ে যান নিজাম উদ্দিন আহমদ। ঢাকায় থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা, ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ইত্যাদি কারণে তাঁকে দু'বার জেনারেল রাও ফরমান আলীর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হয়। নিজাম উদ্দিন আহমদ রাও ফরমান আলীর দপ্তর থেকে ফিরে সবকিছু নিজের ছোট ভাই মিনহাজ উদ্দিন আহমদকে জানাতেন। রাও ফরমান আলী দু'বারই নিজাম উদ্দিন আহমদকে সতর্ক করে দিয়ে বলেন, 'কোনো অবস্থাতেই যেন গণহত্যার কোনো খবর বিদেশি সংবাদ মাধ্যমে প্রেরণ করা না হয়। যদি এর অন্যথা হয় তবে তাঁকে সমস্যায় পড়তে হবে।' নিজাম উদ্দিন আহমদ এসব ভয়ভীতি উপেক্ষা করে নিজের মতো করেই সংবাদ পাঠাতে থাকেন। তবে সেসময় মাঝে মাঝেই তিনি নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে রাতে বাসায় না থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকতেন।
একসময় তাঁকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দেয়ার জন্য পশ্চিম পাকিস্তানে ডেকে পাঠানো হয়। পিপিআই-এর আরেকজন সাংবাদিক ও একজন ব্যাংকারকেও একই কারণে ডেকে পাঠায় পাকিস্তানী কর্তৃপক্ষ। কৌশলে নিজাম উদ্দিন আহমদ সেখানে না গেলেও অন্য দু'জন যেতে বাধ্য হন। তার মধ্যে ব্যাংকারকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করে পাকিস্তানী শাসকগোষ্ঠী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শত্রু তাঁকে ঠিকই চিনে ফেলেছিল। শুধু সুযোগের অপেক্ষায় ছিল। ১২ ডিসেম্বর পাক হানাদার বাহিনী যেন সেই সুযোগই কাজে লাগায় তাদের এদেশীয় রাজাকার-আলবদরদের সহায়তায়।
শহীদ নিজাম উদ্দিন আহমদের জন্ম ১৯২৯ সালের সেপ্টেম্বর মাসে মুন্সিগঞ্জ জেলার মাওয়া গ্রামে। বাবা সিরাজউদ্দিন আহমদ এবং মা ফাতেমা বেগম। পিতা-মাতার চার সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অন্য ভাই-বোনেরা হলেন সুলতান উদ্দিন আহমদ, মিনহাজ উদ্দিন আহমদ এবং একমাত্র বোন সুরাইয়া বেগম ডালিম। নিজাম উদ্দিন আহমদের পারিবারটি ছিল রাজনৈতিক-সাংস্কৃতিক দিক থেকে অনেকখানি অগ্রসর। স্কুলে পড়ার সময় পরিবারের সব সদস্য মিলে বাড়িতে নাটক-গান-আবৃত্তি করতেন।
বাবা সিরাজউদ্দিন আহমদ ছিলেন জাহাজের অডিট অফিসার। নিজাম উদ্দিন আহমদের চাচা ছিলেন পূর্ব পাকিস্তানের একজন প্রখ্যাত ভূতাত্ত্বিক, তিনি দীর্ঘদিন ঢাকার আরমানিটোলা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছেলেবেলায় নিজাম উদ্দিন আহমদের লেখাপড়া শুরু হয় গ্রামেরই মাওয়া প্রাইমারি স্কুলে। এই স্কুলটি তাঁদের পরিবারের উদ্যোগেই তৈরী করা। পরে স্থানীয় কাজির পাগলা এ.টি ইনস্টিটিউশন-এ দশম শ্রেণী পর্যন্ত পড়েন। ১৯৪৬ সালে বিক্রমপুর ভাগ্যকূল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পাশ করেন।
তিনি মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ থেকে ১৯৪৮ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে স্নাতক সম্মান ডিগ্রী এবং ১৯৫২ সালে তিনি এম.এ. ডিগ্রী লাভ করেন। স্কুলে পড়াকালীন সময়েই তিনি ছিলেন একজন তুখোড় সাঁতারু। বিশ্ববিদ্যালয়ে এসেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন। সাঁতারে বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ান হিসাবে নিজাম উদ্দিন আহমদ ছিলেন সকলের প্রিয়। প্রাদেশিক প্রতিযোগিতায়ও পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ছিলেন প্রাদেশিক টিবি সমিতির একজন সক্রিয় সমর্থক।
হরগঙ্গা কলেজে পড়ার সময় নিজাম উদ্দিন আহমদ সরাসরি রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। কলেজে তাঁর সহপাঠী ছিলেন তত্‍কালীন আওয়ামী লীগ নেতা কোরবান আলী, শাহ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। রাজনীতির কারণে তখন তিনি মুন্সিগঞ্জের আনাচে-কানাচে চষে বেড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অবশ্য তিনি আর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেননি। সাংবাদিকতা, সাঁতার আর সাংস্কৃতিক অঙ্গন নিয়েই বেশি মেতে থাকেন। তবে সাংবাদিক জীবনে প্রবেশ করার পর তিনি আবার রাজনৈতিক জীবনে ফিরে আসেন। ১৯৬২ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত করেন সেই নির্বাচনে ১৯৬৫ সালে নিজাম উদ্দিন আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েই নিজাম উদ্দিন আহমদ সাংবাদিকতা শুরু করেন। ১৯৫০ সালে করাচির 'সিভিল এন্ড মিলিটারি গেজেট' পত্রিকায় কাজ শুরু করেন। এরপর তিনি 'দৈনিক মিল্লাত', 'দৈনিক আজাদ', 'ঢাকা টাইমস', 'পাকিস্তান অবজারভার', 'এপিপি', 'এএফপি', 'রয়টার', 'ইউপিআই' ইত্যাদি পত্রিকা ও সংবাদ সংস্থায় কাজ করেন। ১৯৫৮ সালে 'এপিপি'-র পূর্ব পাকিস্তানের একমাত্র ও প্রথম প্রতিনিধি নিযুক্ত হন। ১৯৫৯ সালে তদানীন্তন 'পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই)' সংবাদ সরবরাহ সংস্থায় যোগ দেন। তখন 'পিপিআই'-এর ঢাকায় কোনো অফিস ছিল না। বাসা থেকে নিজে সাইকেল চালিয়ে গিয়ে টেলেক্স ও টেলিগ্রামের মাধ্যমে করাচি হেড অফিসে খবর পোস্ট করে আসতেন। 'পিপিআই' ঢাকা অফিস তাঁর নিজের হাতে গড়া। ১৯৬৪ সালে তিনি 'পিপিআই'-এর সম্পাদক হন। ১৯৬৯ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই সংস্থার জেনারেল ম্যানেজার হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। 'পিপিআই'-এ কাজ করার সময় তিনি অনেক বিদেশি সংবাদ সংস্থায়ও সংবাদ সরবরাহ করতেন। 'পিপিআই' অফিসটি ছিল অনেক আওয়ামী লীগ নেতার সান্ধ্যকালীন আড্ডার নিয়মিত স্থান। ঘন্টার পর ঘন্টা এখানে রাজনৈতিক আলোচনা হতো।
নিজাম উদ্দিন আহমদ মুন্সিগঞ্জের এক রাজনৈতিক পরিবারের মেয়ে কহিনূর আহমদ রেবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পত্তির তিন সন্তান। বড় মেয়ে শামানা নিজাম। মেঝ মেয়ে শারমিন নিজাম রীমা (নির্মম হত্যাকান্ডে স্বামী মুনীর কর্তৃক নিহত)। একমাত্র ছেলে শাফকাত নিজাম বাপ্পী। নিজাম উদ্দিন আহমদের স্ত্রী রেবা বিগত হয়েছেন ১৯৯৩ সালে।
নিজাম উদ্দিন আহমেদ বিভিন্ন প্রতিনিধি দলের সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, মিশর, ইরান, তুরষ্ক ও নেপাল সফর করেন। ১৯৭০ সালে জাতিসংঘের ২৫তম সাধারণ অধিবেশনেও তিনি যোগদান করেন।
বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মূলত বাঙালী জাতিসত্ত্বা বিকাশের উত্থানপর্ব শুরু হয়। পূর্ব পাকিস্তানের বাঙালী মুসলমানেরা বুঝতে শুরু করে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদেরকে নানাভাবে শোষণ-নির্যাতন করছে। ১৯৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮-র রবীন্দ্রসংগীত নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ৬ দফা ও ১১ দফা, ১৯৬৯- র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালী জাতি যেন ক্রমশই এগিয়ে যাচ্ছিল মুক্তি-সোপানের দিকে। আওয়ামী লীগ, ন্যাপ, নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি তখন তুঙ্গে। এসব খবরের অধিকাংশই বিদেশি সংবাদ মাধ্যমে প্রেরণ করতেন নিজাম উদ্দিন আহমদ। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির প্রতি ঝোঁক ছিল প্রবল। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশের ধারাতেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সস্পর্ক গড়ে ওঠে আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃত্বের। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক খবরই তিনি বঙ্গবন্ধুকে সরবরাহ করতেন। বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন নিজাম উদ্দিন আহমদ।
২৫ মার্চ কালো রাত্রির আগে চট্টগ্রামে সোয়াত জাহাজে করে যে অস্ত্র আনা হচ্ছে এই খবর তিনিই প্রথম বঙ্গবন্ধুকে প্রেরণ করেন। নিজাম উদ্দিন আহমদ এই সংবাদটি প্রথম পান ফ্রান্সের এসোসিয়েট প্রেসের (এপি) এক সহকর্মী বন্ধুর মাধ্যমে। বাঙালীর মুক্তি-সংগ্রামের একজন বলিষ্ঠ কর্মী ও সংগঠক হিসাবে গোটা পাকিস্তান আমলেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন তিনি।
পদ্মার কোল ঘেঁষেই ছিল নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি। পদ্মার আলো-বাতাসেই তাঁর বেড়ে ওঠা। হয়ত এ কারণেই নিজের মনটাও ছিল পদ্মার মতোই বিশাল। বাসায় যখন থাকতেন হাসি-আনন্দে মাতিয়ে রাখতেন সারা ঘরময়। মন যখন যা চাইত, তাই করতেন। কোনো বাধা মানতেন না। কর্তব্য-কর্মে ব্যস্ত থাকা সত্ত্বেও মুখে অনাবিল হাসি লেগেই থাকত। পেশার ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারতেন না বলে নিজে অনুতপ্ত হতেন। তবু এই সহজ-সরল মানুষটির কাছ থেকে যে স্নেহটুকু পেত পরিবারের সদস্যরা তাতেই সন্তুষ্ট থাকতেন।
নিজের গ্রাম মাওয়ার প্রতি, পদ্মা নদীর প্রতি নিজাম উদ্দিন আহমদের ছিল গভীর টান। শত ব্যস্ততার মাঝেও ছুটি নিয়ে চলে যেতেন গ্রামে। পরিবার নিয়ে ঘুরে বেড়াতেন পদ্মার পাড়ে। চাঁদনী রাতে পদ্মার পাড়ে পাটি বিছিয়ে স্ত্রী-সন্তান-ভাই-বোনদের নিয়ে গানের আসর জমাতেন। গানের ফাঁকে ফাঁকে নিজেই বলতেন কীর্তিনাশার কথা, পদ্মার কথা। বাড়িতে গেলেই হেঁটে হেঁটে নিজের গ্রামের লোকজনদের খবর নিতেন। সবসময় চেষ্টা করতেন লোকজনকে সহযোগিতা করতে।
বর্ষাকালে উত্তাল রূপ দেখে ঝাঁপিয়ে পড়তেন পদ্মার কোলে সাঁতার কাটতে। উন্মত্ত পদ্মায় সাঁতার কাটতে কাটতে চলে যেতেন মাঝ নদীতে। বাড়িতে খবর যেত। মা জানতেন ছেলের সাঁতারের নেশা। ছুটে আসতেন নদীর পাড়ে। ডাকতেন, 'দাদন ফিরে আয়, আর যাসনে।' দাদন, নিজাম উদ্দিন আহমদের ডাকনাম। বাবা-মা তাঁকে এই নামেই ডাকতেন।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেয়ার পরপরই নিজাম উদ্দিন আহমদ বাসায় কালো পতাকা উত্তোলন করেন। এই কালো পতাকা শোষিত-নির্যাতিত মানুষের প্রতীক হয়ে উড়ছিল। পাকিস্তানের রক্তচক্ষুকে তাঁর এতটুকু ভয় ছিল না। সেসময় ঢাকায় একজন মার্কিন সাংবাদিক ছিলেন যার সঙ্গে নিজাম উদ্দিন আহমদের খুব সখ্যতা গড়ে উঠেছিল। তিনি মধ্য-মার্চে দেশ ত্যাগ করার সময় নিজাম উদ্দিনকে বিমান বন্দরে ডেকে নেন। মার্কিন সাংবাদিক তাঁকে বলেন, 'অচিরেই পূর্ব পাকিস্তানে রায়ট হবে।' নিজাম উদ্দিন আহমদ রায়ট বলতে মার্কিন সাংবাদিক ঠিক কী বুঝাতে চেয়েছেন তার মর্মপোলদ্ধি করতে পারেননি সেদিন। ২৫ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী যখন অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা আরম্ভ করে সেদিন রাত নয়টা পর্যন্ত তিনি নিজের অফিসেই বসে ছিলেন। আটটার দিকে হঠাত্‍ করেই ফোন করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান। তখন পাকিস্তানী মিলিটারি জিপ রাস্তায় নেমে এসেছে। কামরুজ্জামান নিজাম উদ্দিন আহমদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি শুধু কামরুজ্জামানকে বলেন, 'যে যেভাবে পারেন পালিয়ে যান।' সেসময় পিপিআই অফিসে নিজাম উদ্দিন আহমদের ছোট ভাই মিনহাজ উদ্দিন আহমদও বসা ছিলেন। তিনি তাঁকে পূর্বাপর সব ঘটনা খুলে বলেন।
১৯৭১ সালের ১২ ডিসেম্বরের সেই সকালটি ছিল অন্যদিনের তুলনায় একটু অন্যরকম। গুমট। সকাল থেকেই ঢাকার আকাশে একটা প্লেন চক্কর মারছে। বিদেশিদের উদ্ধার করার জন্যই প্লেনটা এসেছে। কিন্তু রানওয়ে খারাপ থাকার কারণে নামতে পারছে না। নিজাম উদ্দিন আহমদ সকাল থেকেই পুরান ঢাকার ১২/ সি নং রোকনপুরের বাসায় নিজের ঘরে বসে অবিরাম খবর টাইপ করে যাচ্ছেন। সর্বশেষ খবরগুলো দ্রুততার সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। টাইপ করতে করতে বারবার উঠে বাইরে দেখে আসছেন। এইভাবে একটানা দুপুর একটা পর্যন্ত কাজ করেন। চোখে-মুখে তখন ক্লান্তি আর উদ্বেগের ছাপ।
টাইপ রাইটার ছেড়ে এসে স্ত্রীকে ডেকে বললেন, 'রেবা ক্ষিদে পেয়েছে, খেতে দাও তো।' রেবা তড়িঘড়ি করে টেবিলে খাবার সাজালেন। ছেলে-মেয়ে সবাইকে ডাকলেন খাবারের জন্য। নিজাম উদ্দিন আহমদ পরিবারের সবাইকে নিয়ে খেতে ভালবাসেন। কিন্তু পেশার ব্যস্ততার কারণে সবসময় তা হয়ে উঠে না। রেবা খাবারের জন্য স্বামীকে ডাকতে গিয়ে দেখেন তিনি ঘুমোচ্ছেন। কি মনে করে আর ডাকলেন না। নিজাম উদ্দিন আহমদ একটু পরে নিজেই ঘুম থেকে উঠে একমাত্র ছেলে বাপ্পীকে নিয়ে খেতে বসেন। দুই মেয়ে সিলভী ও রীমা এল একটু পরে। নিজাম উদ্দিন আহমদ তাদেরকে বললেন, 'কী মা দেরী কেন? খেতে বস।' সেদিন খাবার টেবিলে নিজাম উদ্দিনের শ্যালক সদ্য সিএসপি অফিসার মাহাবুব কবীরও ছিলেন। তিনি শ্যালকের সাথে রসিকতা করলেন।
ঠিক সেই সময় গলির ভিতরের দরজায় শিকল ঝাঁকানোর শব্দ শোনা গেল। শব্দ শোনার সাথে সাথেই নিজাম উদ্দিন আহমদ ও পরিবারের অন্য সদস্যরা সচকিত হয়ে উঠলেন। কি ব্যাপার, কে এল? তখন সময়টাই এরকম। এতটুকু শব্দ হলেই সকলের মনে ভয় জাগে, শঙ্কা তৈরি হয়, কে এল বা কী হলো ইত্যাদি। নিজাম উদ্দিন আহমদের স্ত্রী ভাবলেন হয়ত কাজের ছেলেটা এসেছে। কিন্তু না, সাথে সাথেই কাজের মেয়েটা চিত্‍কার করে বলে উঠল, 'আম্মা মেলিটারি আইছে।' টেবিলে সকলের খাবার বন্ধ হয়ে যায়।
রেবা দৌড়ে বারান্দায় যান। গিয়ে দেখেন উঠোনে খাকি পোশাক পড়া দু'জন পাকসৈন্যের সাথে একজন বাঙালী আলবদর। তাদের একজনের চোখে সবুজ সানগ্লাস। মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। উঠোনে এই দৃশ্য দেখেই রেবার বুকের ভেতরটা হিম হয়ে যায়। ওরা যেন সাপের মতো হিস্ হিস্ করছে। রেবা বুঝতে পারলেন না কী করবেন! স্বামীকে কোথায় লুকোবেন! পরিবারের অন্য সদস্যরা ভয়ে জড়োসড়ো, বিশেষ করে ছেলে-মেয়েরা। কিন্তু নিজাম সাহেব কোথায় লুকোবেন! পালিয়ে যাওয়ার তো কোনো পথ নেই! নিজাম উদ্দিন আহমদ পালাবার লোকও নন। সদর দরজায় পাকসৈন্য ও আলবদররা দাঁড়িয়ে আছে। রেবা যখন স্বামীকে আড়াল করতে ব্যস্ত, নিজাম উদ্দিন আহমদ কিন্তু তখন ভাবছেন কোনো অবস্থাতেই যেন ঘরের মেয়েদের ওরা কিছু করতে না পারে। তাই বাইরে থেকে পাকসৈন্যরা যখন ডাক দিল তখন নিজাম উদ্দিন আহমদ শ্যালক মাহাবুবকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। প্রথমেই ওরা নিজাম উদ্দিন আহমদের কাছে আইডেনটিটি কার্ড চাইল। তিনি কার্ড দেখান। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি নাম বলার সাথে সাথে ওরা বুকে বন্দুক ধরে বলল, 'হ্যান্ডস্ আপ'। নিজাম উদ্দিন আহমদ ওদেরকে বললেন, 'আমাকে হাত ধুয়ে আসতে দিন।' ওরা বাধা দিল।
ততক্ষণে ছেলে-মেয়েদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। বড় মেয়ে সিলভী 'আল্লাহ্ আল্লাহ্' করছে। হায়নার দল তাঁর বুকে বন্দুক ধরে বলল, 'আল্লাহ্ মাত্‍ বলো।' পাশে দাঁড়ানো মাহাবুবের দিকে তাকিয়ে তারা তাঁর পরিচয় জানতে চাইল। নিজাম উদ্দিন আহমদ ওদের বললেন, 'ও তো সিএসপি অফিসার।' একথা শুনে অল্প বয়স্ক ছেলেটি বলল, 'উসকো ছোড় দো।' এরপর তারা নিজাম উদ্দিন আহমদের সামনে-পিছনে দুটি রাইফেল উঁচিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেল। স্ত্রী রেবা পেছন পেছন দৌড়ে সদর রাস্তা পর্যন্ত যেতে চাইলেন। মাহাবুব বাধা দিলেন। তারা রাস্তায় জিপ রেখে এসেছিল। সেখানে নিয়ে নিজাম উদ্দিন আহমদকে তাঁরই গায়ের গেঞ্জি ছিঁড়ে চোখ বেঁধে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে গাড়িতে তুলে নেয়। নিজাম উদ্দিন আহমদকে সেদিন অজানার উদ্দ্যেশে নিয়ে যায় পাকবাহিনীরা।
এদিকে খাবার টেবিলে মাখানো ভাত পড়ে রইল, টাইপ রাইটারে পড়ে রইল অসমাপ্ত খবর। যে ভাতের প্লেটে, যে টাইপ রাইটারে আর কোনোদিন আঙুল বুলানোর জন্য ফিরে আসেননি নিজাম উদ্দিন আহমদ। পাক হানাদার বাহিনী নির্মম অত্যাচারের মাধ্যমে হত্যা করে নিভিয়ে দেয় এই আজীবন কলম সৈনিকের জীবন। নিজাম উদ্দিন আহমদের পরিবার শত খোঁজাখুজির পরও তাঁর মৃতদেহের কোনো সন্ধান করতে পারেনি।
সংক্ষিপ্ত জীবনী :
জন্ম : শহীদ নিজাম উদ্দিন আহমদের জন্ম ১৯২৯ সালের সেপ্টেম্বর মাসে মুন্সিগঞ্জ জেলার মাওয়া গ্রামে। বাবা সিরাজউদ্দিন আহমদ এবং মা ফাতেমা বেগম। পিতা-মাতার চার সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
শিক্ষা-দীক্ষা : লেখাপড়ার শুরু গ্রামেরই মাওয়া প্রাইমারি স্কুলে। পরে স্থানীয় কাজির পাগলা এ.টি ইনস্টিটিউশন-এ দশম শ্রেণী পর্যন্ত পড়েন। ১৯৪৬ সালে বিক্রমপুর ভাগ্যকূল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পাস করেন। নিজাম উদ্দিন আহমদ মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ থেকে ১৯৪৮ সালে ইন্টারমিডিয়েট, ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ডিগ্রী এবং ১৯৫২ সালে তিনি এম.এ. ডিগ্রী লাভ করেন।
সাংবাদিকতা : ছাত্র থাকাকালীন সময়েই নিজাম উদ্দিন আহমদ ১৯৫০ সালে করাচির 'সিভিল এন্ড মিলিটারি গেজেট' পত্রিকায় কাজ শুরু করেন। এরপর তিনি 'দৈনিক মিল্লাত', 'দৈনিক আজাদ', 'ঢাকা টাইমস', 'পাকিস্তান অবজারভার', 'এপিপি', 'এএফপি', 'রয়টার', 'ইউপিআই' ইত্যাদি পত্রিকা ও সংবাদ সংস্থায় কাজ করেন। ১৯৫৮ সালে 'এপিপি'র পূর্ব পাকিস্তানের একমাত্র ও প্রথম প্রতিনিধি নিযুক্ত হন। ১৯৫৯ সালে তদানীন্তন 'পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই)' সংবাদ সরবরাহ সংস্থায় যোগ দেন। ১৯৬৪ সালে তিনি 'পিপিআই'-এর সম্পাদক হন। ১৯৬৯ সালে থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই সংস্থার জেনারেল ম্যানেজার হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বিবিসি'র সংবাদদাতা হিসাবে কাজ করেন।
রাজনীতি : ১৯৬২ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত করেন সেই নির্বাচনে ১৯৬৫ সালে নিজাম উদ্দিন আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দের অনেকের সঙ্গে তাঁর ছিল গভীর সখ্যতা।
পরিবার : নিজাম উদ্দিন আহমদ মুন্সিগঞ্জের এক রাজনৈতিক পরিবারের মেয়ে কহিনূর আহমদ রেবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পত্তির তিন সন্তান। বড় মেয়ে শামানা নিজাম। মেঝ মেয়ে রীমা নিজাম। একমাত্র ছেলে শাফকাত নিজাম বাপ্পী।
মৃত্যু : ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক হানাদার বাহিনী আলবদরদের সহায়তায় তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

ধীরেন্দ্রনাথ দত্ত

২৮ মার্চ ১৯৭১। ধীরেন্দ্রনাথ দত্তের ব্লাড প্রেশারের মাত্রা ভয়ানকরকম বেড়ে গেল। একটু পর পর ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে আসছিলেন, না হয় ভেজা কাপড় মাথায় দিয়ে রাখছিলেন। এক সময় তিনি পুত্রবধূ, ছোট ছেলে দীলিপ দত্ত ও নাতনি আরমা দত্তকে ডেকে বললেন, 'সময় খুবই কম। তোমাদের কিছু কথা বলা দরকার। আমার বেঁচে থাকার খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য, কিন্তু মনে হচ্ছে তা আর সম্ভব হচ্ছে না। আমার বন্ধু কন্যার (ইন্দিরা গান্ধী) সাথে এই মুহূর্তে দেখা হওয়াটা খুবই প্রয়োজন ছিল- কিন্তু এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে মিলিটারিরা আমাকে খুঁজে না পেলে আশপাশের সব লোককে মেরে ফেলবে, আগুন দিয়ে সব জ্বালিয়ে দেবে। আমাকে না পেলে নিরপরাধ মানুষগুলির প্রাণ যাবে। সেটা তো হতে পারে না। আই অ্যাম ট্রাপড।' সেদিন তিনি আরো বলেছিলেন, 'আমাকে নিতে এসে মিলিটারিরা দুটো জিনিস করতে পারে, তারা আমাকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে গিয়ে আমাকে দিয়ে বিবৃতি দেয়ানোর চেষ্টা করাতে পারে- আর তাই যদি করে তাহলে তাদের আমি একটা কথাই বলবো-To stop kill these unarmed people, তখন তারা আমার ওপর অত্যাচার করবে এবং মেরে ফেলবে ওখানেই। আরেকটা ব্যাপার হতে পারে- মিলিটারিরা আমাকে এখানেই গুলি করে মারতে পারে।'
সেদিন ধীরেন্দ্রনাথ দত্ত উপস্থিত পরিবারের সবাইকে বলেছিলেন, 'আমার অনুরোধ, তোমরা আমার মৃতদেহ বারান্দায় ফেলে রেখো যাতে সবাই আমার মৃতদেহ দেখে মনে সাহস পায়, বিদ্রোহ করবার জন্য।' সাথে এটাও বললেন, 'দেখো, ওরা আমাকে দুদিনের মধ্যে এসে নিয়ে যাবে।' নাতনি আরমাকে কাছে নিয়ে বললেন, 'পৃথিবীতে আর কেউ আমার জন্য কাঁদলেও তুই কাঁদবি না, তুই কাঁদলে আমি অনেক কষ্ট পাবো।'
ধীরেন্দ্রনাথ দত্ত সমূহ পরিণতিটা যেন সে সময় দেখতে পাচ্ছিলেন। আর তাঁর সেই দেখাই শেষপর্যন্ত সত্যি হয়েছিল। পাকিস্তানী সেনাবাহিনীরা তাঁকে ধরে নিয়ে গিয়েছিল এবং নির্মমভাবে হত্যা করেছিল। ধীরেন্দ্রনাথ দত্ত এই বাংলার মাটিতে তাঁর রক্ত, হাড়-মাংস একাকার করে দিয়ে চিরতরে মিলিয়ে গেছেন। ধীরেন্দ্রনাথ দত্ত চিরদিনের জন্য মিলিয়ে গেলেও এই বাংলার মাটিকে স্বাধীন করতে, নিজের সংস্কৃতি, ভাষাকে প্রতিষ্ঠিত করতে জীবন দিয়ে তিনি যা প্রতিষ্ঠিত করে গেছেন বাঙালী জাতি সে ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না এবং তা কোনোদিনও শোধ করার নয়।
২৮ মার্চ দুপুর দুইটায় কারফিউ কিছুক্ষণের জন্য তুলে নেয়া হয়। আর তখনি আশপাশের লোকজন আসতে শুরু করল ধীরেন্দ্রনাথ দত্তের কাছে। পরিস্থিতি জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য।
সবাই যেন বুঝতে পারছিলেন ধীরেন্দ্রনাথ দত্তকে আর তারা পাচ্ছেন না। যারা তখন ধীরেন্দ্রনাথ দত্তকে দেখতে এসেছিলেন, পরামর্শ কিংবা পরিস্থিতি জানতে এসেছিলেন তাদের উদ্দেশে তিনি সে সময় বলেছিলেন, 'বাঁচাটাও যেমন সত্যি, মৃত্যুও ঠিক তেমনি সত্যি- তোমরা ভয় পাবে না, শুধু মনে সাহস নিয়ে এগিয়ে যাও- বাংলাদেশ দেখবে।' ওই দিন বিকেল ৪টায় আবার কারফিউ শুরু হয়েছিল। আবার কুমিল্লায় নেমে এলো আগের সেই অসহ্য নীরবতা। সন্ধ্যার দিকে ধীরেন্দ্রনাথ দত্তের রক্তের চাপ আবার বেড়ে যাওয়ায় কয়েকবার ঠাণ্ডা জল দিয়ে মাথা ধুলেন। তারপর একটু শান্ত হওয়ার পর কোয়েকার ওটস খেলেন। এরপর নাতনিকে ডেকে গীতা আনতে গেলেন এবং গীতার একটা স্তবক কয়েকবার পড়ে শোনালেন, 'দেশের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন দিলে সে মরে না, সে শহীদ হয় এবং সে অবিনশ্বর।' সবাই অবাক হয়ে তাঁর গীতা পাঠ শুনছিলেন। সবার মধ্যে একটা চাপা ভয় সেদিন চলে এসেছিল। গীতা পাঠ শেষে ধীরেন্দ্রনাথ দত্ত সবার উদ্দেশে আবার বললেন, 'ওরা আজ রাতে আমাকে নিতে আসবে, যা বলেছি তাই করার চেষ্টা করবে তোমরা কিন্তু কেউ কাঁদবে না।' সে রাতে এসব কথা বলেই ধীরেন্দ্রনাথ দত্ত শুয়ে পড়লেন। ছোট ছেলে দীলিপ দত্তও ওই ঘরেই থাকতেন। আরেক ঘরে শুয়েছিলেন আরমা দত্ত, তাঁর মা ও ছোট ভাই রাহুল। কারো চোখেই ঘুম নেই সে রাতে।
ভয়ংকর নিস্তব্ধ এক রাত ছিল সেটা। চারদিকে পিনপতন নীরবতা। রাত দেড়টার দিকে হঠাত্‍ বিকট আওয়াজ হতে লাগল সদর দরোজায়। তখন কারো বুঝতে বাকি রইল না কারা এসেছে। দীলিপ দত্ত ওঘর থেকে ছুটে এসে বৌদিকে বললেন, 'মিলিটারি এসেছে, কী করব?' প্রতীতি দেবী বললেন, 'দরোজা খুলে দাও।' চার- পাঁচজন মিলিটারি অস্ত্র হাতে ঘরে ঢুকে ভাংচুর করতে লাগল, সবাই ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মিলিটারিরা এক এক করে ঘরের সব কক্ষেই তল্লাশি করছে। কিছুক্ষণ পর মিলিটারিরা ধীরেন্দ্রনাথ দত্তকে সাথে করে বেরিয়ে গেল। আরমা ওদের পেছন পেছন সদর দরজার বাইরে পর্যন্ত গিয়েছিলেন। দেখলেন মিলিটারিরা তাঁর দাদুকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মা প্রতীতি দেবী মেয়েকে ফিরিয়ে আনলেন। কিন্তু ঘরে ঢুকে আরমা তাঁর কাকুকেও আর খুঁজে পেলেন না। বুঝলেন হায়েনারা তাঁর কাকুকেও ধরে নিয়ে গেছে। পরের দিন আরমা দত্ত অনেক জায়গায় খোঁজ করেছিলেন দাদু-কাকুর। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তাঁদের। এরপর তাঁরা আর কোনোদিন ফিরে আসেননি। পরে জানা যায় কুমিল্লা ক্যান্টনমেন্টে ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দীলিপ দত্তকে অকথ্য নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল।
ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন ১৮৮৬ সালের ২ নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের তিন মাইল উত্তরে রামরাইল গ্রামে। শৈশবেই মাতৃহারা হন তিনি। মুনসেফ কোর্টের সেরেস্তাদার জগবন্ধু দত্ত ছিলেন তাঁর বাবা। ১৯০৪ সালে নবীনগর উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯০৬ সালে তিনি কুমিল্লা কলেজ হতে কৃতিত্ত্বের সাথে এফ.এ. পরীক্ষায় পাস করেন। এরপর কলকাতায় যান। সেখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এরপর বি.এ. পড়ার জন্য ভর্তি হন কলকাতার রিপন কলেজে। এইবছর ৭ ডিসেম্বর সুরবালা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯০৭ সালে তিনি ত্রিপুরা 'হিতসাধনী' সভার সাধারণ সম্পাদকের পদ লাভ করেন এবং ১৯১৫ সালে ভয়াবহ বন্যার সময় ত্রাণ বিতরণ করেন। ১৯০৮ সালে ধীরেন্দ্রনাথ কলকাতার রিপন কলেজ হতে কৃতিত্বের সঙ্গে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এই রিপন কলেজ থেকেই ১৯১০ সালে কৃতিত্বের সঙ্গে আইন পাস করেন। এরপর তিনি কুমিল্লায় ফিরে এসে কুমিল্লার মুরাদনগর বাঙ্গুরা উমালোচন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন।
১৯১১ সালে জন্ম হয় তাঁর প্রথম সন্তান আশালতা দত্তের। এ বছরেই তিনি আইনকে পেশা হিসেবে গ্রহণ করে কুমিল্লা বারে যোগ দেন। তার প্রায় ৮ বছর পর জন্ম হয় প্রথম পুত্র সঞ্জীব দত্তের। ধীরেন্দ্রনাথ দত্ত স্বদেশী আন্দোলনের নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জিরও সাহচর্য লাভ করেন। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এ সময়ই তিনি প্রথমবারের মতো কারাবরণ করেন। হয়ে ওঠেন গান্ধীজীর একান্ত অনুসারী। দেশ সেবার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতিতে এক স্বকীয় বৈশিষ্ট্যে আবির্ভূত হন। ১৯২৬ সালে জন্ম নেন তাঁর কনিষ্ঠপুত্র দীলিপ দত্ত। ১৯৩০ সালের ২ জুলাই কংগ্রেস নেতা মতিলাল নেহেরুর গ্রেফতারের প্রতিবাদে তিনি আন্দোলন শুরু করলে কুমিল্লায় সমাবেশ চলাকালে তিনি গ্রেফতার হন। অক্টোবর মাসে কারাগার থেকে মুক্তি লাভ করেন। ১৯৩১ সালের নভেম্বর মাসে আবার আইন পেশাতে ফিরে যান। আইন পেশাকে ব্যবসা হিসেবে না দেখে তিনি সেবা হিসেবে দেখেছেন। সে কারণে গরীবদের মামলা বিনা পয়সায় চালিয়েছেন তিনি।
১৯৩২ সালের ৯ জানুয়ারি বিপ্লবীদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারিতে আবার কারাবরণ করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ৩১ মার্চ পিতৃহারা হন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে কারাগার থেকে মুক্তি লাভ করেন। ১৯৩৬ সালে ত্রিপুরা জেলা বোর্ডের (বর্তমান কুমিল্লা জেলা) সদস্য নির্বাচিত হন। ১৯৩৭ সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য নির্বাচিত হন। সভ্য নির্বাচিত হয়ে বঙ্গীয় প্রজাস্বত্ত আইন সংশোধন, বঙ্গীয় কৃষিঋণ গ্রহীতা ও বঙ্গীয় মহাজনী আইন পাশের সাথে ধীরেন্দ্রনাথ দত্ত যুক্ত ছিলেন। এরপর বেজে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল। ১৯৪০ সালের ১৪ ডিসেম্বর যুদ্ধবিরোধী প্রচারণা চালানোর অপরাধে আবার কারাবরণ করেন। এছাড়াও ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন তিনি। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে ধীরেন্দ্রনাথ দত্ত কয়েকবার বিনাশ্রম ও সশ্রম কারা ভোগ করেন। ১৯৪৩ সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর কংগ্রেসের রাজনীতির সাথে ধীরেন্দ্রনাথ দত্ত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় তিনি ১৯৪৬ সালে কংগ্রেস দলের টিকিটে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তানের সংবিধান রচনার জন্য ঐ বছরের ডিসেম্বরে পূর্ববঙ্গ হতে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ধীরেন্দ্রনাথ দত্ত একজন অসাস্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।
ধীরেন্দ্রনাথ দত্ত 'গণসমিতি' নামে একটি দল গঠন করেন। তিনি ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান আইনসভায় সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন। তখনো ভাষা আন্দোলন শুরু হয়নি। তাঁর এই প্রস্তাবটিই ভাষা আন্দোলনের পটভূমি রচনা করেছিল। যার পরিণতি ছিল একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালে তিনি সংসদে মহানভাষা আন্দোলনের পক্ষে জোর সমর্থন দেন। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়। ধীরেন্দ্রনাথ দত্ত আবার আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালে ১৮ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন এবং ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত তিনি আতাউর রহমান খানের মন্ত্রিসভায় ছিলেন। এরপর আইয়ুব খাঁ সামরিক আইন জারি করলে ১৯৬০ সালে আরো অনেকের সাথে ধীরেন্দ্রনাথ দত্তের উপরেও 'এবডো' আইনের প্রয়োগ করা হয়। ১৯৬৪ সালে জিন্নাহর নির্বাচনী প্রচার সমর্থন দেবার দায়ে আবার গ্রেফতার হন তিনি। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ চলাকালে পাকিস্তান সরকার তাঁকে গৃহবন্দি করে রাখে। পরবর্তীতে তিনি এই গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি লাভ করেন।
৭ মার্চ ১৯৭১। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ চলছে। পুরো দেশটাই যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। লোকে লোকারণ্য গোটা রেসকোর্স ময়দান। মানুষগুলো যেন উন্মুখ হয়ে আছে দেশের স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধু তাঁর ভাষণে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হতে বললেন। একটা যুদ্ধ অনিবার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভেঙে ছাত্রছাত্রীরা এসে যোগ দিল রেসকোর্স ময়দানের সেই বিশাল জনসভায়। সারা দেশেই এর উত্তাপ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল।
ধীরেন্দ্রনাথ দত্ত বঙ্গবন্ধুর ভাষণের পরপরই কুমিল্লায় নিজ বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। এদিকে পুত্রবধূকে ঢাকায় পাঠিয়েছিলেন প্রিয় নাতনি আরমা দত্তসহ কুমিল্লার যেসব মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে সাথে করে কুমিল্লায় নিয়ে আসার জন্য। বড় ছেলে সঞ্জীব দত্ত তখন ভারতে। সে সময় বাড়িতে থাকতেন ধীরেন্দ্রনাথ দত্ত, ছোট ছেলে দীলিপ দত্ত, পুত্রবধূ প্রতীতি দেবী ও তাঁর ছেলে রাহুল দত্ত। আরমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রোকেয়া হলে থাকতেন। প্রতীতি দেবী ও আরমা দত্ত যখন কুমিল্লার বাড়িতে এসে পৌঁছলেন তখন দুপুর একটা বাজে। আরমা এসে দেখেন দাদু ধীরেন্দ্রনাথ দত্ত বারান্দায় অস্থিরভাবে পায়চারী করছেন। আরমাকে দেখেই ধীরেন্দ্রনাথ দত্ত তাঁর প্রিয় নাতনিকে শক্ত হাতে জড়িয়ে ধরে বললেন 'আইসা পড়ছো দাদু? আর কোনো চিন্তা নাই, বাঁচলে একসাথে বাঁচুম নাহলে সব একসাথে মরুম।'
মার্চ মাস থেকেই দেশের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর মনে হচ্ছিল একটা জাতি শোষণের কবল থেকে মুক্ত হতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশের অবস্থা যতই খারাপের দিকে যাচ্ছিল ধীরেন্দ্রনাথ দত্ত সে সময় বারবার একটা কথা সবাইকে বলছিলেন, 'অন্ধকারের ওপারের আলো এগিয়ে আসছে, তোমরা নিরাশ হইও না, আমরা হয়ত নাও থাকতে পারি, কিন্তু সেই আলো আর কেউ ঠেকাতে পারবে না।' ঢাকা বিশ্ববিদ্যালয় তখন টগবগ করে জ্বলছে। শহর-গ্রাম-গঞ্জে সব জায়গাতেই কীরকম একটা থমথমে ভাব বিরাজ করছিল। এমনি করে মিছিল-মিটিং-সমাবেশের মধ্য দিয়ে মার্চ মাস প্রায় শেষের দিকে।
২৫ মার্চ। পাকিস্তানী হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালীর উপর। পুরো দেশটাই যেন শ্মশানে পরিণত হয়েছে। রাস্তায় রাস্তায় পাকিস্তানী আর্মিদের সাজোয়া গাড়ি ঘুরছে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চ কুমিল্লা শহরও শ্মশানে পরিণত হয়েছিল। বিকট শব্দ করে ক্যান্টনমেন্ট থেকে মিলিটারিদের লরি-জিপ ছুটে চলছে। সব যেন কিসের প্রহর গুনছে। ধীরেন্দ্রনাথ দত্ত আরমাকে ডেকে বললেন, রেডিওতে পৃথিবীর যা খবর পাও সংগ্রহ কর।' পরিবারের সবাই তখন হুমড়ি খেয়ে বিবিসি, এবিসি, ভোয়া, আকাশবাণীতে ঢাকার খবর শোনার চেষ্টা করছিল।
ভাষা আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৪৮ সালের ২৪শে জানুয়ারি তিনিই প্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন। সেটা অনুষ্ঠিত হয়েছিল করাচিতে। সেদিন ধীরেন্দ্রনাথ দত্ত সেই প্রস্তাবনাতে বলেছিলেন, 'Out of six crores and ninety lakhs people inhabiting this state, 4 crores and 40 lakhs of people speak Bengali language. So, sir, what should be the State language of the state? The state language of the state should be the language which is used by the majority of the people of the state, and for that, sir, I consider that Bengali language is a lingua franca of our state .' ১৯৪৮ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে সেদিন বিরোধী দলের পক্ষ থেকে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটির ওপর দুটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং উত্থাপিত এ প্রস্তাব নিয়ে আলোচনার সময় গণপরিষদে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের তত্‍কালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান শুধু এ প্রস্তাবটির বিরোধিতাই করেননি প্রস্তাবকারী ধীরেন্দ্রনাথ দত্তের আদর্শ ও সততাকে কটাক্ষ করে বলেছিলেন, 'পাকিস্তানের অধিবাসীদের মধ্যে বিরোধ সৃষ্টি করা এবং একটি সাধারণ ভাষার দ্বারা ঐক্যসূত্র স্থাপনের প্রচেষ্টা থেকে মুসলমানদের বিচ্ছিন্ন করাই এর উদ্দেশ্য।' সেদিন এই প্রস্তাবের বিরোধিতা কেবল পাকিস্তানের প্রধানমন্ত্রীই করেননি, বিরোধীতা করেছিলেন পূর্ব বাংলার গণপরিষদের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও। খাজা নাজিমুদ্দিন সেদিন প্রস্তাবের বিরোধিতা করতে যেয়ে বলেছিলেন, 'পূর্ব পাকিস্তানের অধিকাংশ অধিবাসীর মনোভাব হচ্ছে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা যেতে পারে।'
১৯৪৮ সালের ১১ মার্চ ঢাকাসহ সারাদেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘট পালন করা হয়েছিল। সেদিন ছাত্র জনতার উপর পুলিশ নির্যাতন করেছিল। কিন্তু এর ফলে পূর্ববাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে একটি চুক্তিতে আসতে বাধ্য হন। চুক্তিতে আসন্ন অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করা হবে এমন শর্ত ছিল। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার স্বপক্ষে তাঁর তত্‍পরতা সেদিন অব্যাহত রেখেছিলেন। কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ দত্ত শুধু গণপরিষদের সদস্যই ছিলেন না, মন্ত্রীত্বও লাভ করেছিলেন। কিন্তু গণমুখী চরিত্রের অধিকারী এই মানুষটির দেশপ্রেম ছিল অগাধ। তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানিদের উপনিবেশিক শাসনের কবল থেকে মুক্তি পেতে হলে দেশকে স্বাধীন করতে হবে। আর এর জন্যই প্রয়োজন মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধে তিনি পাকবাহিনীর হাতে শহীদ হন।
অসাম্প্রদায়িক রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ। সেই ব্রিটিশ শাসনকাল থেকে তিনি এদেশের জন্য কাজ করেছেন নিরলসভাবে। হয়েছেন জননন্দিত নেতা। দেশভাগের পরও তিনি মাতৃভূমি ত্যাগ করেননি বরং লড়াই করেছেন দেশবাসীর অধিকার আদায়ের জন্য। তিনি ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি কায়দে আজম মোহাম্মাদ আলী জিন্নাহর উপস্থিতিতে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন। বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখার স্বপ্ন তিনি লালন করেছিলেন আজীবন। ১৯৭১ সালে সীমান্ত পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু দেশের মানুষের কথা ভেবে তিনি তা করেননি। ২৯ মার্চ পাক হানাদার বাহিনী তাঁকে ও তাঁর কনিষ্ঠ পুত্র দিলীপ দত্তকে ধরে নিয়ে যায়। কুমিল্লা ক্যান্টনমেন্টে স্বাধীনতার স্বপ্ন দেখার অপরাধে তাঁর উপর নির্মম নির্যাতন চালানো হয়। হানাদার বাহিনী তাঁর হাঁটু ভেঙে দেয় এবং চোখ উপড়ে ফেলে। অবশেষে ১৪ এপ্রিল তাঁকে গুলি করে হত্যা করা হয়। ২ এপ্রিল ভারতীয় বেতারেই প্রথম ধীরেন্দ্রনাথ দত্তের শহীদ হবার খবর প্রচারিত হয়। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতীয় লোকসভা এক মিনিট নীরবতা পালন করে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এই বীর দেখে যেতে পারেননি তাঁর রক্তের উপরে জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশকে।
সংক্ষিপ্ত পরিচিতি
জন্ম ও বংশ পরিচয়
ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন ১৮৮৬ সালের ২ নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে। জগবন্ধু দত্ত ছিলেন তাঁর বাবা। শৈশবেই মাতৃহারা হন।
শিক্ষা জীবন
১৯০৪ সালে নবীনগর উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৬ সালে তিনি কুমিল্লা কলেজ হতে কৃতিত্বের সঙ্গে এফ.এ. পরীক্ষায় পাস করেন। এরপর কলকাতায় যান। এরপর বি.এ. পড়ার জন্য ভর্তি হন কলকাতার রিপন কলেজে। ১৯০৮ সালে ধীরেন্দ্রনাথ কলকাতার রিপন কলেজ হতে কৃতিত্বের সঙ্গে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এই রিপন কলেজ থেকেই ১৯১০ সালে কৃতিত্বের সঙ্গে আইন পাস পাশ করেন।
পারিবারিক জীবন
১৯০৬ সালের ৭ ডিসেম্বর সুরবালা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯১১ সালে জন্ম হয় তাঁর প্রথম সন্তান আশালতা দত্তের। প্রায় ৮ বছর পর জন্ম হয় প্রথম পুত্র সঞ্জীব দত্তের। ১৯২৬ সালে জন্ম নেন তার কনিষ্ঠ পুত্র দীলিপ দত্ত। ১৯৩২ সালের ৩১ মার্চ পিতৃহারা হন।
কর্মজীবন
কুমিল্লার মুরাদনগর বাঙ্গুরা উমালোচন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ১৯১১ সালে তিনি আইন ব্যবসা করার জন্য কুমিল্লা বারে যোগদান করেছিলেন। এরপর রাজনৈতিক কারণে কারাবরণ করেন এবং কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৩১ সালের নভেম্বর মাসে আবার তিনি আইন পেশাই ফিরে যান। আইন পেশাকে ব্যবসা হিসেবে না দেখে সেবা হিসেবে দেখেছেন। সে কারণে গরীব মানুষের মামলা বিনা পয়সায় চালিয়েছেন। ১৯৩৭ সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হয়ে ধীরেন্দ্রনাথ দত্ত বঙ্গীয় প্রজাস্বত্ত আইন সংশোধন এবং বঙ্গীয় কৃষিঋণ গ্রহীতা ও বঙ্গীয় মহাজনী আইন পাশের সাথে ধীরেন্দ্রনাথ দত্ত সংশ্লিষ্ট ছিলেন।
রাজনৈতিক জীবন
ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমে স্বদেশী আন্দোলনের নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জিরও সাহচর্য লাভ করেন। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এ সময়ই তিনি প্রথমবারের মতো কারাবরণ করেন। হয়ে ওঠেন গান্ধীজীর একান্ত অনুসারী। দেশ সেবার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতিতে এক স্বকীয় বৈশিষ্ট্যে আবির্ভূত হন। ১৯৩০ সালের ২ জুলাই কংগ্রেস নেতা মতিলাল নেহেরুর গ্রেফতারের প্রতিবাদে তিনি আন্দোলন শুরু করলে কুমিল্লায় সমাবেশ চলাকালে তিনি গ্রেফতার হন। অক্টোবর মাসে কারাগার থেকে মুক্তি লাভ করেন। ১৯৩২ সালের ৯ জানুয়ারি বিপ্লবীদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারিতে আবার কারাবরণ করেন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারী মাসে কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর বেজে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল। ১৯৪০ সালের ১৪ ডিসেম্বর যুদ্ধবিরোধী প্রচারণা চালানোর অপরাধে আবার কারাবরণ করেন। এছাড়াও ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন। তখন ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে ধীরেন দত্ত কয়েকবার বিনাশ্রম ও স্বশ্রম কারাদন্ড ভোগ করেন। ১৯৪৩ সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর কংগ্রেসের রাজনীতির সাথে ধীরেন দত্ত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় তিনি ১৯৪৬ সালে কংগ্রেস দলের টিকিটে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তানের সংবিধান রচনার জন্য ঐ বছরের ডিসেম্বরে পূর্ববঙ্গ হতে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ধীরেন দত্ত একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।
'গণসমিতি' নামে একটি দল গঠন করেন। ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান আইনসভায় সর্বপ্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ঐতিহাসিক প্রস্তাব করেন। তখনো ভাষা আন্দোলন শুরু হয়নি। তাঁর এই প্রস্তাবটিই ভাষা আন্দোলনের পটভূমি রচনা করেছিল। যার পরিণতি ছিল একুশে ফেব্রুয়ারী। ১৯৫২ সালে ও তিনি সংসদে মহানভাষা আন্দোলনের পক্ষে জোর সমর্থন দেন। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়। ধীরেন্দ্রনাথ দত্ত আবার আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালে ১৮ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন এবং ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত তিনি আতাউর রহমান খানের মন্ত্রীসভায় ছিলেন। এরপর আইয়ুব খান সামরিক আইন জারি করলে ১৯৬০ সালে আরো অনেকের সাথে ধীরেন্দ্রনাথ দত্তের উপরেও 'এবডো' আইনের প্রয়োগ করা হয়। ১৯৬৪ সালে ফাতেমা জিন্নাহর নির্বাচনী প্রচার সমর্থন দেবার দায়ে ফের গ্রেফতার হন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ চলাকালে পাকিস্তান সরকার তাঁকে গৃহবন্দি করে রাখে।

মৃত্যু: ১৯৭১ সালের ১৪ এপ্রিল তিনি পাকবাহিনীর হাতে শহীদ হন। 

জ্যোতির্ময় গুহঠাকুরতা

২৫ মার্চ ১৯৭১। মধ্যরাতে ঢাকা শহরের ওপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানী সৈন্যরা। নির্বিচারে নিরীহ বাঙালীদের হত্যা করতে শুরু করল তারা। তত্‍কালীন পূর্ব পাকিস্তানের জনসাধারণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে পদানত করতে তারা শুরু করল হত্যা ও ত্রাসের এক বিভীষিকাময় অধ্যায়। রাত আড়াইটার দিকে হানাদার সেনাবাহিনীর কতকগুলি সশস্ত্র গাড়ি ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। নির্বিচার হত্যাযজ্ঞ চালায় তারা। ছাত্রদের হত্যার পর তারা ঢুকে পড়ে শিক্ষকদের আবাসিক হলে। শহীদ মিনার সংলগ্ন শিক্ষক কোয়ার্টারের বাইরের গেটের তালা ভেঙে তারা ভিতরে ঢুকে পড়ে। প্রত্যেক শিক্ষকের বাসার দরজায় ভারি বুটের লাথি পড়ে। কয়েকজন সৈন্য অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার বাসায় ঢুকে চিত্‍কার করে ওঠে : 'প্রফেসার হ্যায়?'
উত্তরে বেরিয়ে এসে বাসন্তী গুহঠাকুরতা জানালেন, অধ্যাপক সাহেব বাসায় আছেন। একজন সামরিক কর্মকর্তা বললেন, 'উনকো লে যায়েগা।'
বাসন্তী গুহঠাকুরতা শুধালেন, 'কিউ লে যায়েগা? কাঁহা লে যায়েগা?'
তারপর তিনি স্বামীকে গিয়ে বললেন, 'ওরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছে।'
অধ্যাপক নিঃশব্দে সৈন্যদের সামনে এসে দাঁড়ালেন। সৈন্যরা জোর করে ধরে তাঁকে ঘরের বাইরে টেনে নিয়ে গেল। তাঁকে জিজ্ঞাসা করা হলো নাম কী, ধর্ম কী ইত্যাদি। অধ্যাপক নিজের নাম ও ধর্মের পরিচয় দিলেন। তারপরই গুলির শব্দ। একটা গুলি ভেদ করে গেল তাঁর গ্রীবা। আবার একটি গুলি হলো, সেটি বিদ্ধ করল তাঁর কোমর। লুটিয়ে পড়লেন সদাহাস্যময়, বন্ধু ও ছাত্রবত্‍সল, নিরীহ, আপনভোলা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। কিন্তু সংজ্ঞা হারালেন না, যেন প্রায়-স্বাভাবিক কন্ঠেই স্ত্রীকে ডেকে বললেন, 'বাসন্তী, জল দাও।' ওনার ডাক শুনে একই ফ্ল্যাটের শহীদ মুনিরুজ্জামানের স্ত্রী বাসন্তী গুহঠাকুরতাকে খবর দিলেন-তাঁর স্বামী বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। তখন বাসন্তী গুহঠাকুরতা বাসার ও পাড়ার লোকজনের সাহায্যে ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাকে ঘরে নিয়ে আসেন।
পরদিন ২৬ মার্চ ঢাকা শহরে কারফিউ। অবরুদ্ধ অবস্থায় বাসার মধ্যেই কেটে গেল সারা দিন। অদূরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই।
২৭ তারিখ সকালে কারফিউ তুলে নেওয়া হলে তাঁকে নেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিত্‍সা কিছুই তেমন হলো না; তাছাড়া তেমন কিছু করারও আর ছিল না। চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করে বললেন, 'উনি যে কেমন করে এ কয়দিন বেঁচে আছেন, সেটাই আমাদের কাছে বিস্ময়।'
২৮ ও ২৯ মার্চ গেল, ৩০ মার্চ সকালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। চেতনা চিরলুপ্ত হওয়ার আগে গুন গুন করে গাইলেন: ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়...।
কিন্তু এই নৃশংস, বিভীষিকাময় পরিণতি তাঁর জন্য অনিবার্য ছিল না। এটা তিনি অবশ্যই এড়াতে পারতেন। ২৫ মার্চের গণহত্যা ও বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু হওয়ার আগেই তিনি সপরিবারে চলে যেতে পারতেন নিরাপদ কোনো স্থানে। কিন্তু অটল কর্তব্যপরায়ণ এই শিক্ষক, যাঁর উপর একটি আবাসিক হলের সকল ছাত্র ও কর্মচারীর সব দায়িত্ব অর্পিত, তিনি সেই দায়িত্ব এড়িয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে পলায়নের চেষ্টা করেননি।
সারা মার্চ মাস জুড়ে ঢাকা শহর রাজনৈতিক অস্থিরতায় উত্তাল। অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা ক্রমশ প্রকট হয়ে উঠছিল; সকলের মনেই আশঙ্কা ঘনিয়ে উঠছিল ভয়াবহ রক্তপাতের। এসব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাও। উপরন্তু ২৫ মার্চের আগে তাঁর আত্মীয়-স্বজনরা লোক মারফত বলে পাঠিয়েছিলেন, তাঁরা যেন বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ছেড়ে গেণ্ডারিয়ার ওদিকে কোথাও গিয়ে আশ্রয় নেন। সেটা হবে অপেক্ষাকৃত নিরাপদ। কিন্তু বাসন্তী দেবীর ভাষ্য: "আমার স্বামী বললেন, 'আমি হলের দায়িত্ব ছেড়ে যাই কি করে? ভাইস চ্যান্সেলার বিচারপতি চৌধুরীও ঢাকাতে নেই। তিনি নিজে অনুরোধ করে আমাকে ন'মাস আগে প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করিয়েছেন। ছেলেরা সব আবার হলে ফিরে আসছে। আমি তাদের ছেড়ে যাব কি করে? না, বাসন্তী তা হয় না। যা হবার তা হবে।'" বাসন্তী দেবী নিজেও স্বামীকে অনুরোধ করেন, অন্তত কিছুদিনের জন্য নিরাপদ কোথাও সরে গিয়ে থাকা যায় না? তার উত্তরে অধ্যাপক বলেন, 'হলে কর্মচারিরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, ওদের সর্বনাশ হলে আমি ফিরে এসে মুখ দেখাব কি করে?'
এভাবেই অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার নাম যুক্ত হয় একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকায়। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তিনজন শহীদ বুদ্ধিজীবীর তিনি অন্যতম। ধর্মভিত্তিক দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে দেশবিভাগ, মুসলমানদের আলাদা রাষ্ট্র পাকিস্তানের জন্মের ফলে অমুসলিম, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে জেগে ওঠা নৈরাশ্য ও নিরাপত্তাহীনতার বোধ এবং ১৯৫০ সালে ঢাকায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু হিন্দু দেশত্যাগ করতে বাধ্য হন। জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু হিন্দু শিক্ষক ভারতে চলে যান, ফলে শিক্ষা ক্ষেত্রে বিরাট শিক্ষকসংকট সৃষ্টি হয়। সেই সংকট তীব্রতর হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হননি অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়েও তিনি আপন মাতৃভূমি ত্যাগ করে কোথাও চলে যাননি। তিনি ভালোবাসতেন তাঁর স্বদেশকে, মাতৃভূমির প্রতি তাঁর কর্তব্যবোধও ছিল অপরিসীম, এবং প্রিয় মাতৃভূমির জন্যই তিনি আপন প্রাণ উত্‍সর্গ করে গেছেন।
তাঁর পৈত্রিক নিবাস ছিল বরিশালের বানারীপাড়ায়। পিতা কুমুদচন্দ্র গুহঠাকুরতা ও মাতা সুমতি গুহঠাকুরতা উভয়ে ছিলেন স্কুলশিক্ষক; চাকুরিসূত্রে যখন তাঁর মা ময়নসিংহ শহরের অধিবাসী, তখন ১৯২০ সালে সেই শহরেই জন্মগ্রহণ করেন জ্যোতির্ময় গুহঠাকুরতা। শিক্ষিত মধ্যবিত্ত সংস্কৃতিবান পরিবারের সন্তান জ্যোতির্ময়ের বিদ্যাশিক্ষায় হাতেখড়ি ঘটে সেখানেই। ১৯৩৬ সালে তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি চলে যান কলকাতা; প্রেসিডেন্সি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি হন এবং এক বছর পড়াশুনা করেন। কিন্তু টাইফয়েডে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ে ফাইনাল পরীক্ষা দিতে পারেন না। পরে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ভর্তি হয়ে ১৯৩৯ সালে প্রথম বিভাগে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ভর্তি হন এবং ১৯৪২ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বি.এ. অনার্স ডিগ্রি অর্জন করেন। অনার্স পরীক্ষায় ইংরেজীতে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল করায় এবং সাবসিডিয়ারী বিষয় দর্শনে রেকর্ড নম্বর পাওয়ায় তিনি পোপ মেমোরিয়েল স্বর্ণপদক লাভ করেন। ১৯৪৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৪৪ সালে কিশোরগঞ্জের নবপ্রতিষ্ঠিত গুরুদয়াল কলেজে। সেখানে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ইংরেজী বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সেখানে ছয় মাস শিক্ষকতার পর ১৯৪৬ সালে তিনি চলে আসেন ঢাকায়, যোগ দেন ঢাকার জগন্নাথ কলেজে। সেখানে তিন বছর শিক্ষকতার পর ১৯৪৯ সালের ১২ নভেম্বর অস্থায়ী প্রভাষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে। তাঁর পদ স্থায়ী হয় ১৯৫০ সালের ১৬ সেপ্টেম্বর। এই পদে প্রায় দুই দশক শিক্ষকতা করার পর তিনি পিএইচডি করতে বিলেত যান ১৯৬৩ সালে। ১৯৬৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন; তাঁর অভিসন্দর্ভের শিরোনাম ছিল ক্ল্যাসিক্যাল মিথস্ ইন দি প্লেইজ অব সুইনবার্ন, ব্রিজেজ, স্টার্জ মুর অ্যাণ্ড এলিয়ট।
লণ্ডন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণাকালে ১৯৬৪ সালের ১০ জুলাই তিনি যোগ দেন হেইগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়নের সম্মেলনে। সেখানে তিনি বক্তৃতা করেন পাকিস্তান ও ভারত উভয় দেশের প্রতিনিধি হিসেবে। এই ঘটনায় পাকিস্তান সরকার তাঁর প্রতি ভীষণ রুষ্ট হয়, তাঁকে ভারতের চর বলে অভিযুক্ত করে এবং তাঁর ভারত ভ্রমণে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি অনেকবার বৃদ্ধা মাকে দেখার জন্য কলকাতা যাওয়ার অনুমতির জন্য আবেদন করেন; পূর্ব পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তর থেকে ইতিবাচক সুপারিশসহ তাঁর পাসপোর্ট বার বার পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়, কিন্তু সেখানে তা বার বার নামঞ্জুর হয়ে ফিরে আসে। এর আগে ১৯৬৩ সালে উচ্চশিক্ষার্থে তাঁর বিলেত যাওয়ার অনুমতিও পাকিস্তান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নাকচ করে দিয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সেই অনুমতি মিলেছিল। একইভাবে বেশ কয়েক বছর ধরে প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে তিনি মাকে দেখতে কলকাতা যাওয়ার অনুমতি পেয়েছিলেন ১৯৭১ সালের গোড়ার দিকে।
পিএইচডি করতে বিলেত যাওয়ার আগে ১৯৫৮ সালের অক্টোবর মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নিযুক্ত হন। ১৯৬৩ সালে বিলেত যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি ঐ পদেই ছিলেন। পিএইচডি শেষে দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে রিডারের দায়িত্ব গ্রহণ করেন ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে। তিনি আমৃত্যু ঐ পদেই ছিলেন। এরপর ১৯৭০ সালের ২০শে এপ্রিল জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ঐ পদে দায়িত্বরত অবস্থায় তিনি শহীদ হন। তিনি ফ্রেণ্ডস্ সেন্টার, ঢাকা (ইন্টারন্যাশন্যাল কোয়েকার সার্ভিসের কেন্দ্র), বুলবুল ললিত কলা একাডেমী, ঢাকা এবং আন্তর্জাতিক র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট এসোসিয়েশনের সদস্য ছিলেন।
অত্যন্ত মনোযোগের সাথে তিনি ছাত্রদের শেখাতেন। প্রখর মেধাসম্পন্ন ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী শিক্ষক ছিলেন জ্যোতির্ময়। কথা বলতেন স্পষ্ট উচ্চারণে। তিনি ছাত্রদেরকে জ্ঞান দেওয়ার পাশাপাশি তাদের জানার আগ্রহটাও তৈরী করতেন। তিনি মনে করতেন শুধুমাত্র বাংলা সাহিত্য জানলেই চলবে না, বিশ্বসাহিত্যের মূলধারাগুলি সম্পর্কেও জানা প্রয়োজন। সেই মুল ধারাগুলির সাহায্যে বাঙ্গালি সংস্কৃতি শোনা দরকার। ছাত্রদের সাথে ছিল তাঁর প্রীতিপূর্ণ সম্পর্ক। আর ছাত্রদের সাথে তাঁর এই প্রীতিপূর্ণ সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন প্রগতিশীল আবৃত্তি, বিতর্ক ও নাট্য গোষ্ঠীর জন্ম হয়েছিল। এর পটভূমি প্রস্তুত করতে স্বল্পসংখ্যক সংস্কৃতিবান এবং সাহিত্য অনুরাগি শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জ্যোতির্ময় গুহঠাকুরতা ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য।
তিনি 'মুকতি' নামে একটি পত্রিকা বের করেছিলেন। 'মুকতি' বলতো মুক্ত বুদ্ধির কথা। কিন্তু 'মুকতি' দীর্ঘস্থায়ী হয়নি বেশীদিন। তিনি বিভিন্ন পত্রিকায় প্রবন্ধসহ অনেক বিষয়ে লেখালেখি করেছেন। তাঁর প্রকাশিত রচনার মধ্যে রয়েছে রেডিও বক্তৃতা, বৃটিশ কাউন্সিল ও অন্যান্য সংস্থা আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তৃতা, ইওরোপে থাকাকালীন র্যাডিক্যাল হিউমানিস্ট কনফারেন্স পাকিস্তান ও ভারতের প্রতিনিধি হিসাবে বক্তৃতা প্রভৃতি। বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই তিনি স্বচ্ছন্দে বিচরণ করতেন। তাঁর লেখার পরিমান ছিল অনেক কম। কারণ তিনি আড্ডা দিতে খুব ভালবাসতেন। ফলে তাঁর চিন্তার বেশীরভাগই আড্ডার সময় বলে ফেলতেন। সেই চিন্তার লিখিতরূপ দেওয়ার প্রবল তাগিদ অনুভব করেননি কখনও।
শিক্ষকতা ও সাহিত্যের পাশাপাশি বাগানের প্রতিও ছিল তাঁর প্রচন্ড ঝোঁক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে যেখানে তিনি থাকতেন সেখানে তাঁর একটি বাগান ছিল। ছাত্রছাত্রীসহ সবাই তাঁর বাগান- প্রীতির কথা জানতেন। বাগানে নতুন সুন্দর ফুল ফুটলে তিনি সবাইকে ডেকে দেখাতেন। পত্রপত্রিকাতে ছাপানোর জন্য তাঁর বাগানের ছবি অনেকেই তুলে নিয়ে যেতেন। জ্যোতির্ময় গুহঠাকুরতার বাগানপ্রিয়তা নিয়ে এক মজার ঘটনা আছে- একবার কলেজের ছেলেরা কিভাবে যেন জেনে গেল তাঁদের স্যার ইন্টারমিডিয়েটের ইংরেজীর একটা প্রশ্নপত্র করেছেন। ঢাকার বেশ কয়েকটা কলেজের ছাত্ররা রচনা তৈরী করলো গার্ডেনিং-এর ওপর। আর জগন্নাথ হলের ছেলেদের সাজেশন জোগাড় করে অন্যান্য জেলার কিছু কিছু কলেজের ছেলেরাও রচনা তৈরী করলো একই বিষয়ের উপর। কিন্তু পরীক্ষাতে দেখা গেল রচনা-বিষয়ের মধ্যে গার্ডেনিং নেই, আছে 'ফিশিং অ্যাজ এ হবী'। সেই অতি বুদ্ধিমান ছেলেগুলো স্যারের কাছে যেতেই তিনি হো হো করে হাসতে লাগলেন।
তাঁর বাগান সম্পর্কে তাঁর এক ছাত্রের স্মৃতিচারণ- কাছে যেতেই স্যার বললেন: 'আরে, দেখে যাও কত সব ডালিয়া ফুটেছে আমার বাগানে। গেটের ভেতর ঢুকে বাগানটা ঘুরে দেখলাম স্যারের সঙ্গে। কি কোমল রঙিন ডাগর ডাগর ডালিয়া আর কি সুসজ্জিত সমারোহ! সত্যি মুগ্ধ হবার মতো। কোন্ বেডে কি সার দেয়া হয়েছে কোন্ বেডে কি কি রঙের ফুল ফোটানোর ব্যবস্থা হয়েছে এবং তার ফলে টোটাল এফেক্ট কি হলো, রঙে বিন্যাস অন্যরকম হলে কি প্যাটার্ন হতো ইত্যাদি অনেক কিছু কথা হলো। এই বেড থেকে ঐ বেডে যাচ্ছেন আর কথার ফাঁকে ফাঁকে হাসির ফোয়ারা। আমার মনে হচ্ছিল স্যারের মুখটাই যেন জীবন্ত ডাগর ডালিয়া-ঐ চশমা পরা ভরাট মুখটা অন্তরের উপচে পড়া আনন্দে এমনই ঝলমল করছিল। নিজের খেলনা নিয়ে যেমন শিশুর আনন্দ ও গৌরব, তাঁর বাগান সেরকমই তাঁর কাছে।'
এক কালের কম্যুনিস্ট নেতা এবং মৌলিক মানবতাবাদী মানবেন্দ্রনাথ রায়ের মতবাদে বিশ্বাসী ছিলেন জ্যোতির্ময় গুহঠাকুরতা। মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠিত র‌্যাডিক্যাল ডিমোক্র্যাটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ সংগঠন কোন জঙ্গী আন্দোলনের সংগঠন ছিল না। এই সংগঠনটি ছিল শ্রেণী-ঊর্ধ্ব একটি মানবতাবাদী সংগঠন। যেখানে সব শ্রেণীর মানুষকে সমানভাবে দেখা হত। সেই সময় র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট বলে যারা পরিচিত ছিলেন তাঁদের সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। এই হাতে গোনা গুটিকয় ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল তাঁর। ‌র‌্যাডিক্যালদের নিয়মিত স্টাডিক্যাম্প বা শিক্ষা শিবির বসত। শিক্ষা শিবিরের মেয়াদ ছিল কমপক্ষে চার পাঁচ দিন, কখনো বা আট-দশ দিন। কাশ্মীর থেকে অন্ধ্র ও মাদ্রাজ, গুজরাত, মহারাষ্ট্র থেকে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যা- উপমহাদেশের দূর দূর অঞ্চল থেকে শিবিরে যাঁরা যোগ দিতে আসতেন তাঁদের মধ্যে কেউবা ট্রেড ইউনিয়নিস্ট, কেউবা অধ্যাপক, কেউবা গ্রামাঞ্চলের কর্মী, কেউবা সাংবাদিক, চিকিত্‍সক অথবা আইনজীবী। জ্যোতির্ময় যোগ দিতে আসতেন ঢাকা থেকে। এছাড়া জ্যোতির্ময় গুহঠাকুরতা স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালেই নেতাজী সুভাষ বোসকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছিলেন।
মিশুকে প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ঠোঁটে সবসময় হাসি লেগে থাকত। জমিয়ে আড্ডা দিতেন। আড্ডায় একসঙ্গে গল্প ও গান দুই চলত। গানের গলা ছিল চমত্‍কার। গানের সঞ্চয়ও ছিল বিচিত্র। কিছুটা অলস স্বভাবের ছিলেন। জীবনে উন্নতি বা প্রতিষ্ঠার পিছনে ছোটেননি তিনি। বিশ্বাস করতেন মানবতাবাদের আদর্শে। তাঁর মধ্যে ছিল অটুট ও অফুরন্ত আশাবাদ। মানুষের উপর ছিল অগাধ বিশ্বাস। আর তিনি ছিলেন অসামান্য ব্যক্তিগত মানবিক গুণাবলীর অধিকারি এবং এক মহত্‍ আদর্শের প্রতি নিষ্ঠাবান একজন মানুষ। এই গুণাবলীর কারণে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। গুলির আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে যখন তিনি মৃত্যু পথযাত্রী, তখনও তিনি বিশ্বাস করতেন, যে উন্মত্ত হিংসা ও বিদ্বেষের তিনি শিকার হয়েছেন, সে হিংসা ও বিদ্বেষ একদিন দূর হবে; মানুষ তার সৃজনশীল প্রতিভার পূর্ণবিকাশ ঘটিয়ে এক নতুন সুন্দরতর পৃথিবী সৃষ্টি করতে সক্ষম হবে।
"আমি মানুষ, সুতরাং কোনো মানুষই আমার অনাত্মীয় নয়", এই বিখ্যাত উক্তি তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতেন, বিচারের চাইতে বিবেচনায় তাঁর ছিল বেশি আগ্রহ। বাস্তব জীবনে বিপদের ও ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াতে তিনি এক প্রকার রোমাঞ্চ অনুভব করেছেন। আর তাই পঞ্চাশের দাঙ্গায় তিনি ছিলেন নির্ভীক। একাত্তরের সঙ্কটেও ব্যক্তিগত নিরাপত্তার কোন ব্যবস্থাই তিনি গ্রহণ করেননি।
এই নির্ভীক, কর্তব্যপরায়ণ ও কষ্টসহিষ্ণু মানুষটির জীবনের সঙ্গে জড়িয়ে অনেক কষ্ট করতে হয়েছে স্ত্রী বাসন্তী গুহঠাকুরতাকে। বাসন্তী ছিলেন জ্যোতির্ময়ের যোগ্য সহধর্মিনী ও জীবন-সাথী। বাসন্তী গুহঠাকুরতা নিজেও একজন ব্যক্তিত্বময়ী শিক্ষাবিদ। ঢাকার গেণ্ডারিয়া মনিজা রহমান বালিকা হাইস্কুলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা এবং সেখানকার প্রধান শিক্ষয়িত্রী ছিলেন। তাঁরা দুজনে ছিলেন একটি আদর্শ জুড়ি। বাসন্তী গুহঠাকুরতা ১৯৯৩ সালের ৯ সেপ্টেম্বর কলকাতার এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁদের একমাত্র কন্যা মেঘনা গুহঠাকুরতা (দোলা)।
জ্যোতির্ময়ের মৃত্যুর পর যুদ্ধের ভয়াবহ ৯ মাস মেয়েকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছদ্ম পরিচয়ে লুকিয়ে বেড়িয়েছেন বাসন্তী গুহঠাকুরতা। মুসলমান বন্ধুর বাড়ি, ইউরোপীয় বন্ধুর বাড়ি, অনাথ আশ্রম, ক্রীশ্চান মিশনারী হাসপাতালসহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছেন তিনি। আর সঙ্গে আগলে রেখেছেন তাঁদের ফটোর অ্যালবামটি এবং জ্যোতির্ময় বাবুর ডক্টরাল থিসিস ও অন্যান্য কিছু কিছু লেখা। জ্যোতির্ময়ের নাম থাকলে বিপদ হতে পারে ভেবে তিনি সবকিছু থেকে তাঁর নাম কেটে বাদ দিয়েছিলেন।
সংক্ষিপ্ত জীবনী:
পূর্ণ নাম : জ্যোতির্ময় গুহঠাকুরতা।
জন্মের তারিখ : ১০ই জুলাই ১৯২০।
জন্মস্থান : ময়মনসিংহ শহর।
পৈতৃক নিবাস : বানারী পাড়া, বরিশাল।
পিতার নাম : কুমুদচন্দ্র গুহঠাকুরতা (১৮৯০-১৯৩৫)।
মাতার নাম : সুমতি গুহঠাকুরতা (১৮৯৯-১৯৮৫)।
পরিবারের সদস্য : স্ত্রী- বাসন্তী গুহঠাকুরতা; কন্যা- মেঘনা গুহঠাকুরতা।
শিক্ষাগত যোগ্যতা :
এস.এস.সি. : ময়মনসিংহ জেলা স্কুল। সাল ১৯৩৬।
এইচ.এস.সি. : ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ। সাল ১৯৩৯।
বি.এ. অনার্স ( ইংরেজী বিভাগ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সাল ১৯৪২।
এম.এ. (ইংরেজী বিভাগ) : সাল ১৯৪৩।
পিএইচডি : ১৯৬৭ সনের ৬ই জানুয়ারী লণ্ডন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিংস কলেজ থেকে ইংরেজী সাহিত্যে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে উচ্চ শিক্ষার্থে বিলেত যান।
কর্মজীবন :
তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৪৪ সালে কিশোরগঞ্জের নবপ্রতিষ্ঠিত গুরুদয়াল কলেজে। সেখানে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সেখানে ছয় মাস শিক্ষকতার পর ১৯৪৬ সালে তিনি চলে আসেন ঢাকায়, যোগ দেন ঢাকার জগন্নাথ কলেজে। সেখানে তিন বছর শিক্ষকতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে অস্থায়ী প্রভাষক নিযুক্ত হন ১৯৪৯ সালের ১২ই নভেম্বর। তাঁকে প্রভাষক পদে স্থায়ী করা হয় ১৯৫০ সালের ১৬ই সেপ্টেম্বর। দীর্ঘ ১৮ বছর তিনি ঐ পদেই ছিলেন। এরপর লণ্ডন থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরেন। তিনি ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে রীডার নিযুক্ত হন। তিনি আমৃত্যু ঐ পদেই ছিলেন। এছাড়া তিনি ফ্রেণ্ডস্ সেন্টার, ঢাকা (ইন্টারন্যাশন্যাল কোয়েকার সার্ভিসের কেন্দ্র), বুলবুল ললিত কলা একাডেমী, ঢাকা এবং আন্তর্জাতিক র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট এসোসিয়েশনের সদস্য ছিলেন।
১৯৫৮ সালের অক্টোবর মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নিযুক্ত হন। ১৯৬৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঐ পদেই ছিলেন। এরপর ১৯৭০ সালের ২০শে এপ্রিল জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ঐ পদে দায়িত্বরত অবস্থায় তিনি শহীদ হন।
আন্তর্জাতিক সভা-সমিতিতে অংশগ্রহণ :
তিনি ১৯৫১ সনে দেরাদুনে অনুষ্ঠিত সর্বভারতীয় হিউম্যানিস্ট এসোসিয়েশনের বার্ষিক সভায় যোগদান করেন।
উচ্চ শিক্ষার্থে বিলাতে অবস্থানকালে তিনি ১৯৬৪ সনের ১০ই জুলাই তারিখে নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট এন্ড এথিক্যাল ইউনিয়নের সম্মেলনে পাকিস্তান ও ভারতের প্রতিনিধিত্ব করেন।
পুরস্কার :
অনার্স পরীক্ষায় ইংরেজীতে খুব ভাল ফলাফল করায় এবং সাবসিডিয়ারী বিষয় দর্শনে রেকর্ড নম্বর পাওয়ায় তিনি পোপ মেমোরিয়েল স্বর্ণপদক লাভ করেন।
প্রবন্ধ : 'রবীন্দ্রসাহিত্য মূল্যায়নের সমস্যা,' আনিসুজ্জামান সম্পাদিত 'রবীন্দ্রনাথ-সংকলন', স্টুডেন্ট ওয়েজ, বাংলাবাজার, ঢাকা।
'প্রগতি', 'প্রাদেশিকতা' এবং 'আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি' শীর্ষক এই তিনটি প্রবন্ধ পঞ্চাশের দশকের গোড়ার দিকে ঢাকার 'দৈনিক সংবাদ' পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়।
'অতি আধুনিক বিশ্বপ্রেস', শতদল, ঢাকা হল বার্ষিকী, ১৯৫৪।
'Literature and National Consciousness', Matters of Moment, Dhaka, 1962. 'The Writer's Role in a Technological Society' The writer and his social Responsibility: A Seminar, Dhaka, 1962.<
বই: Classical Myths in the plays of Swinburne. Bridges, Sturge Moore and Eliot, Posthumous Publication, Dhaka University

গোবিন্দচন্দ্র দেব

১৯৭১ সালের ২৫ মার্চ। অন্যান্য দিনের মতো সেদিনও বৈকালিক ভ্রমণে বের হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. গোবিন্দচন্দ্র দেব। তবে মনটা কেমন যেন ভালো লাগছিল না সেদিন। দেশের রাজনৈতিক অস্থিরতায় নিজের অসমাপ্ত কাজগুলোর কথা মনে পড়ছিল বারবার। ইয়াহিয়া-ভুট্টো চক্রের গোপন দুরভিসন্ধির শঙ্কাটাই প্রবল হয়ে উঠছিল। এসব ভাবতে ভাবতে অসুস্থ বোধ করেন তিনি, বাড়ি ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়েন বিছানায়। এর কয়েক ঘন্টা পরেই শুরু হয় ভয়াল সেই রাত। আধুনিক মারণাস্ত্রে সজ্জিত হয়ে পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনী তত্‍কালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। সারারাত ধরেই গোলাগুলি চলে পুরো ঢাকা শহর জুড়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জগন্নাথ হলে গুলিবর্ষণের প্রচণ্ড শব্দ আর ভীত-অসহায় মানুষের আর্তচিত্‍কারে ঘুম থেকে জেগে ওঠেন ড. দেব। অস্থিরভাবে পায়চারি করেন; মেয়ে রোকেয়া সুলতানাকে আশ্বস্ত করে বলেন, 'আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে ওরা কিছু করবে না।' ভোর হওয়ার অপেক্ষায় বাবার পাশে রোকেয়া সুলতানা ও ছোট্ট শিশুকন্যাকে কোলে নিয়ে তাঁর স্বামী মোহাম্মদ আলী দাঁড়িয়ে থাকেন।
ভোরের আলো তখনো বের হয়নি। কাছের কোনো মসজিদ থেকে ভেসে এল ফজরের আজান। বাবাকে চা করে খাওয়ালেন রোকেয়া সুলতানা। জগন্নাথ হলের সামনে তখন গিজগিজ করছে পাক-সেনারা, হলের মাঠে জড়ো করা হয়েছে আহত-নিহতদের অসংখ্য দেহ। রোকেয়া সুলতানা শিউরে উঠে বাবাকে জানালেন সেসব কথা, কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর শান্তস্বরে ড. দেব বললেন, 'প্রার্থনার জায়গা করে দাও।' কথা শেষ না হতেই দরজায় বুটের লাথি পড়ল। অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে বর্বর পশুর দল - 'মালাউন কা বাচ্চা দরজা খোল।' কোলের শিশুকন্যাকে তার মায়ের কাছে দিয়ে দরজা খুলতে যান মোহাম্মদ আলী। মুহূর্তে এক ঝাঁক গুলির শব্দ আর একটি আর্তচিত্‍কার শোনা গেল, মেঝেতে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী। পাক সৈন্যরা এগিয়ে এলে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ড. দেব বলেন, 'কী চাও বাবারা?' উত্তরে জল্লাদের দল স্টেনগান দিয়ে ড. দেবের মাথা ও বুক বরাবর গুলি করে। ড. দেবের রক্তাক্ত নিথর দেহ পড়ে রইল মেঝেতে, রোকেয়া সুলতানা শিশুকন্যাকে কোলে নিয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। চলে যাবার মিনিট কুড়ি পরে পাকবাহিনী আবার ফিরে এসে ড. দেবের মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যায় জগন্নাথ হলের মাঠে।
এভাবেই ১৯৭১ সালের ২৬ মার্চের ভোর রাতে বর্বর পাক সেনাবাহিনীর হাতে শহীদ হন খ্যাতিমান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দার্শনিক অধ্যাপক ড. গোবিন্দচন্দ্র দেব। তিনি শুধু একজন দার্শনিকই ছিলেন না, ছিলেন অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন একজন মানবদরদি ও সমাজহিতৈষি ব্যক্তিত্ব। এই মনীষী দর্শনকে ভালোবেসেছিলেন মনেপ্রাণে, যার সাধনায় তিনি ব্রতী ছিলেন সারাজীবন। তিনি ঘোষণা করেছিলেন, 'Philosophy is my first love, philosophy is my second love and philosophy is my last love.'
দর্শনপ্রেমিক এই মনীষী সাধারণ্যে সুপরিচিত জিসি দেব নামে। তাঁর প্রকৃত নাম গোবিন্দচন্দ্র দেব পুরকায়স্থ। ১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি সিলেট জেলার বিয়ানী বাজারের পঞ্চখণ্ড পরগনার লাউতা গ্রামের সম্ভ্রান্ত দেব পুরকায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জনৈক পূর্বপুরুষ পঞ্চম শতাব্দীতে আদিনিবাস ভারতের গুজরাট থেকে সিলেটে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সম্ভবত ব্রাহ্মণত্য রক্ষা করতে না পেরে সিলেটে এসে তাঁরা দেব পুরকায়স্থ উপাধি গ্রহণ করেন। পরবর্তীকালে অবশ্য পুরকায়স্থ উপাধি বর্জন করেন তাঁরা। গোবিন্দ দেবের মাতা শরত্‍ সুন্দরী দেবী। পিতা ঈশ্বরচন্দ্র দেব পুরকায়স্থ ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী। তাঁর ছয় পুত্র ও এক কন্যা সন্তানের মধ্যে গোবিন্দচন্দ্র দেব ছিলেন প্রথম পক্ষের চতুর্থ সন্তান। তাঁর পিতার উচ্চশিক্ষা ছিল না, তবে পরিশ্রম, কর্মদক্ষতা, তীক্ষ্ণবুদ্ধি ইত্যাদি সহজাত গুণের কল্যাণে তিনি গড়ে তুলেছিলেন সমৃদ্ধশালী পারিবারিক জীবন। দেব পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা যেমন ছিল, তেমনি সবধরনের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করা হতো নিয়মমতোই। এমন সুখ-স্বাচ্ছন্দ্যের জীবনে হঠাত্‍ একদিন চরম সংকট নেমে আসে। ব্যবসা-সংক্রান্ত একটি ভুল সিদ্ধান্তে ঈশ্বরচন্দ্রকে তাঁর জমিজমা, সহায়সম্বল বিক্রি করতে হয়। ফলে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে যান তিনি। প্রাচুর্য্য থেকে সর্বস্বান্ত হয়ে তিনি পতিত হন চরম দারিদ্র্যে। এ দুঃখকে সহজভাবে মেনে নিতে পারেননি তিনি। অচিরেই রোগে-শোকে, অপ্রকৃতিস্থ হয়ে ১৯২৫ সালে পরলোকগমন করেন ঈশ্বরচন্দ্র দেব।
শৈশবে টোলের পণ্ডিতদের কাছে হিন্দু ধর্ম ও সংস্কৃত ভাষা বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন গোবিন্দচন্দ্র দেব। নিজ গ্রাম লাউতায় অবস্থিত তত্‍কালীন 'লাউতা বালক বিদ্যালয়'-এ প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন তিনি। স্কুলজীবনের সেই দিনগুলোতে তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত প্রকৃতির। বিদ্যালয়ে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে লুকিয়ে থাকতেন পাশের জঙ্গলে। লাউতা বালক বিদ্যালয়-এর পর তিনি 'মধ্য ইংরেজি স্কুল'-এ পড়াশুনা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং ১৯২১ সালে ভর্তি হন 'পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়'-এ। উক্ত বিদ্যালয় থেকে গোবিন্দ দেব ১৯২৫ সালে সংস্কৃত ও গণিতে লেটারসহ প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এই ফলাফলের জন্য তিনি লাভ করেন সরকারি বৃত্তি। এরপর তিনি কলকাতায় বড় ভাই বীরেন্দ্রচন্দ্র দেব পুরকায়স্থের কাছে চলে যান এবং ভর্তি হন কলকাতার রিপন কলেজে (বর্তমানে স্যার সুরেন্দ্রনাথ কলেজ)। এই কলেজ থেকে তিনি ১৯২৭ সালে যুক্তিবিদ্যায় লেটারসহ প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সরকারি বৃত্তি লাভ করেন। একই বছরে তিনি ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে বি.এ. সম্মান শ্রেণীতে। কলেজের তত্‍কালীন অধ্যক্ষ ও ভারতীয় দর্শন-বিশেষজ্ঞ ড. সুরেন্দ্রনাথ তরুণ গোবিন্দ দেবের মেধা, অধ্যবসায় এবং তীক্ষ্ণ ও গভীর চিন্তাশক্তির পরিচয় পেয়ে তাঁকে বিশেষ স্নেহের দৃষ্টিতে দেখতেন। সংস্কৃত কলেজ থেকেই গোবিন্দ দেব ১৯২৯ সালে দর্শনশাস্ত্রে দ্বিতীয় শ্রেণীতে বি.এ. সম্মান ডিগ্রি লাভ করেন। এরপর তিনি দর্শনশাস্ত্রে এম.এ. শ্রেণীতে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, ড. হীরালাল হালদার, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য (কেসি ভট্টাচার্য), ড. মহেন্দ্রনাথ সরকার প্রমুখ দার্শনিকের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন তিনি এ বিশ্ববিদ্যালয়ে। তাঁদের উত্‍সাহ ও উদ্দীপনায় গভীরভাবে দর্শন অধ্যয়ন ও গবেষণায় আত্মনিয়োগ করেন গোবিন্দ দেব। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে দর্শনশাস্ত্রে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে এম.এ. ডিগ্রি অর্জন করেন তিনি। এই ফলাফলের জন্য তিনি লাভ করেন বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও হেমচন্দ্র মুখার্জি রৌপ্যপদক।
এম.এ. পাস করার পর ১৯৩১ সালেই গোবিন্দ দেব কলকাতার রিপন কলেজে যোগদান করেন দর্শন ও ন্যায়শাস্ত্রের শিক্ষক হিসেবে। ১৯৩৪ সালে উচ্চতর গবেষণার জন্য তিনি বৃত্তি নিয়ে গমন করেন ভারতের মহারাষ্ট্র প্রদেশে অবস্থিত অমলনারের বিশ্বখ্যাত দর্শন গবেষণা কেন্দ্র Pratap Centre of Philosophy তে। কেসি ভট্টাচার্য তখন এই গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলেন। ভারতের এ Greatest Dialectician বলে পরিচিতি লাভ করা, মৌলিক চিন্তার অধিকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সুপণ্ডিত দার্শনিকের তত্ত্বাবধানে গোবিন্দ দেব ভারতীয় দর্শন বিশেষ করে বেদান্ত দর্শনে গবেষণা শুরু করেন। ১৯৩৭ সালের দিকে কলকাতায় ফিরে এসে তিনি পুনরায় শিক্ষকতায় যোগদান করেন রিপন কলেজে। ইতিমধ্যে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়ে কলকাতায়। তখন কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিপন কলেজটি স্থানান্তর করা হয় বর্তমান বাংলাদেশের দিনাজপুরে। গোবিন্দ দেবও দিনাজপুরে চলে এসে এই কলেজে শিক্ষকতা শুরু করেন। এখানে অবস্থানকালেই রচনা করেন তাঁর দীর্ঘ গবেষণার ফসল Reason, Intuition and Reality (প্রজ্ঞা, স্বজ্ঞা ও বাস্তবসত্তা) শিরোনামের অভিসন্দর্ভটি। উক্ত গবেষণা অভিসন্দর্ভের জন্য ১৯৪৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ১৯৪৫ সালে দিনাজপুর থেকে কলেজটি আবার স্থানান্তরিত হয় কলকাতায়। কিন্তু ড. দেব থেকে যান দিনাজপুরে। স্বল্পকাল স্থায়ী কলেজটিকে পূর্ণরূপ দেয়ার জন্য একই স্থানে তিনি একে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ কলেজ নামে। কলেজটির অধ্যক্ষ-সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষই শুধু ছিলেন না, ছিলেন এর প্রাণ ও হৃদয়। কলেজের অর্থনৈতিক সঙ্কটের দিনে সহযোগীদের সঙ্গে নিয়ে তিনি গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে কলেজের জন্য তহবিল গড়ে তুলতে সভা সমিতি করেছেন। ১৯৪৬ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজের অবলুপ্তি ঘটলে ১৯৫৩ সালে ড. দেব যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক হিসেবে। তিনি ১৯৬২ সালের ১লা আগস্ট উন্নীত হন রিডার পদে এবং এর কিছুদিন পরে নিযুক্ত হন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান। ১৯৬৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন মৃত্যুর পূর্ব পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি হল প্রশাসনের দায়িত্বও অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন জিসি দেব। তিনি ১৯৫৬ সালের ৩রা মার্চ থেকে ১৯৫৭ সালের ৩০ জুন পর্যন্ত সম্মিলিত ঢাকা-জগন্নাথ হলের সর্বশেষ যৌথ ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জগন্নাথ হল স্বতন্ত্র সত্ত্বায় ফিরে এলে তিনি পুনরায় ১৯৫৭ সালের ৩০ জুন থেকে ১৯৬৬ সাল পর্যন্ত একটানা জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কয়েক মাসের ছুটি শেষে ২ এপ্রিল ১৯৬৭ সাল থেকে ২০ এপ্রিল ১৯৭০ সাল পর্যন্ত পুনরায় জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। শিক্ষার প্রতি গভীর অনুরাগ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন তত্‍কালীন পূর্ব পাকিস্তান পালি ও সংস্কৃত বোর্ডের সম্পাদক, ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সম্পাদক, তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারের অধীনে শিক্ষাসংস্কার কমিশনের সদস্য, বাংলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে।
ড. গোবিন্দ দেব তাঁর চিন্তাচেতনায় ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিসের ভাবশিষ্য। দর্শনের প্রতি প্রগাঢ় অনুরাগ ও ভালোবাসা ছিল তাঁর। দর্শনের সাধনায় তিনি মগ্ন থাকতেন আত্মভোলার মতো। তিনি বলতেন, 'আমার আর কিছু থাক আর না থাক দর্শনের ওপর প্রগাঢ় আসক্তি আছে। জীবনের নানা ঝড়-ঝঞ্ঝায় এই আসক্তিই আমাকে বাঁচিয়ে রেখেছে।' তাঁর ছোটবেলায় প্রচলিত অধ্যাত্মবাদ ও বস্তুবাদ নামক দুটি পরস্পরবিরোধী চিন্তাধারা তাঁকে দর্শনে নিজস্ব মতবাদ রচনায় প্রভাবিত করেছে। দার্শনিক প্লেটোর ভাববাদ বা অধ্যাত্মবাদকে তিনি মনে করতেন একদেশ-দর্শী, আর মার্কসীয় বস্তুবাদী দর্শনে মানুষের আধ্যাত্মিক সত্ত্বার অনুপস্থিতির কারণে একেও সমর্থন করতে পারেননি। খ্রিস্টান মিশনারিদের কাছে কৈশোরের আট বছরের জীবন ড. দেবকে করে তুলেছিল অধ্যাত্মবাদে বিশ্বাসী আর তাঁর দুঃসাহসিক ও পরবর্তীতে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত পিতার জীবন তাঁকে দিয়েছিল বস্তুবাদে বিশ্বাস। সে কারণেই তিনি অনুভব করেছিলেন এমন একটি দার্শনিক মতবাদের যা মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবে, একইসাথে তাকে আধ্যাত্মিক মুক্তিও দেবে। অধ্যাত্মবাদ ও বস্তুবাদ উভয় মতের সমন্বয়ে তিনি গঠন করেন সমন্বয়ী ভাববাদ নামক দার্শনিক মতবাদের। এই সমন্বয়ী ভাববাদকে তিনি অভিহিত করেছেন তাঁর জীবনের সংগীত বলে। এই মতবাদ তাঁর কাছে 'নিছক একটি মতবাদই নয়, নিছক কোনো যুক্তির মালা গাঁথা নয়, বরং জীবনকে ব্যবহারিক অভিযোজনের মাধ্যমে সুন্দর করার প্রয়াস।' তাঁর মতে দর্শন মানেই জীবনদর্শন। আজীবন এই জীবনদর্শনেরই চর্চা করেছেন তিনি। তাঁরই চেষ্টায় ১৯৬৪ সালে ঢাকায় স্থাপিত হয় দর্শন ভবন নামে একটি প্রতিষ্ঠান। মনীষী দেবের নেতৃত্বে দর্শনের অনেক মূল্যবান বইসমৃদ্ধ এই গ্রন্থাগারে অনুষ্ঠিত হতো বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশগ্রহণ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র-শিক্ষক এবং বাইরের আমন্ত্রিত অতিথিবৃন্দ। জায়গা-জমি সংক্রান্ত জটিলতায় দর্শন ভবনের অবলুপ্তি ঘটলে এর অর্থ-সম্পদের উল্লেখযোগ্য অংশ ড. দেব তাঁর জীবদ্দশায় দান করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। পরবর্তীতে তা যুক্ত হয়ে যায় ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রতিষ্ঠিত 'গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র' -এর সম্পদের সঙ্গে।
চিন্তাবিদ ও সুপণ্ডিত দার্শনিক হিসেবে খ্যাতি লাভ করা গোবিন্দচন্দ্র দেব দৈনন্দিন জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ। প্রতিদিন ভোরবেলায় উঠে গীতা-বাইবেল-কোরআন পড়তেন। তারপর ধ্যানে বসে মৌনব্রত পালন করতেন। চেহারা ও বেশভূষাও তাঁর অতি সাধারণ অথচ জ্ঞাননিষ্ঠ একটি জীবনেরই পরিচয় বহন করত। স্ফীত উদরে মোটাসোটা দেহের গড়ন, আশুতোষ-গোঁফ, একমাথা সাদাকালো অগোছালো চুল - এই ছিল তাঁর সামগ্রিক চেহারা। নিজের বিরাট দেহ সম্পর্কে রসিকতা করে তিনি নিজেই বলেছেন 'বাল্যাবধি দর্পণের সঙ্গে প্রায় অসহযোগ।' নিত্য পরিধেয় সাদা ধূতি, পাঞ্জাবি ও চাদরের অনাড়ম্বর পোশাকে তাঁর এই 'বিরাট দেহ' বোধহয় তাঁর খ্যাতির সাথে বেশভূষার একটা বিস্তর তফাত তৈরি করত কারো কারো মনে। একবার স্টিমারের প্রথম শ্রেণীর (আপার ক্লাসের) দরজার সামনে ড. দেবকে দাঁড়িয়ে থাকতে দেখে টিকেট পরীক্ষক ভদ্রলোক অত্যন্ত অবাক হয়ে বলেছিলেন 'এটা আপার ক্লাস।' বিষয়টি বুঝতে পেরে সুরসিক দার্শনিক স্পষ্ট ও প্রাঞ্জল ইংরেজিতে ওই কর্মকর্তাকে বলেন: 'My dear friend, my appearance is third class, but my ticket is first class।' এমনই সহজ সরল, সদাপ্রফুল্ল মানুষ ছিলেন তিনি। আর ছিলেন ভোজনরসিক। তবে গুছিয়ে খেতে পারতেন না তিনি, খেতেন বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে। একজন সুবক্তাও ছিলেন তিনি। ক্লাশকক্ষ ও বিভিন্ন সভা-সমিতিতে তাঁর স্বভাবসুলভ বাচনভঙ্গি ও রসালো গল্প-উপমার সাহায্যে দেয়া বক্তৃতা যে কারও মনোযোগ আকর্ষণ করে রাখত ঘন্টার পর ঘন্টা। অ্যারিস্টটলের অনুসারীদের মতো তিনিও ছিলেন একজন 'পেরিপেটেটিক' দার্শনিক। যে কোনো স্থানে বক্তৃতা দিতেন পায়চারি করে। ইংরেজি, বাংলা উভয় ভাষাতেই তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। সুরসিক শিল্পীর মতো রসাত্মক গল্প, কৌতুক মিশিয়ে দর্শনের কঠিন ও আপাত নীরস তত্ত্বকে উপস্থাপন করতেন তাঁর বক্তৃতায় ও লেখায়।
ড. দেব 'Reason, Intuition and Reality' শিরোনামের অভিসন্দর্ভ লিখে ডক্টরেট ডিগ্রী লাভ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৫২ সালে এই অভিসন্দর্ভ বই আকারে প্রকাশিত হয় 'Idealism and Progress' নামে। এই বইটিসহ ড. জিসি দেবের প্রকাশিত মোট বই নয়টি, যার মধ্যে দুইটি বাংলায় এবং সাতটি ইংরেজিতে। তাঁর জীবদ্দশায় প্রকাশিত অন্য বইগুলো হলো 'Idealism: A New Defense and a New Application', 'আমার জীবন দর্শন','Aspirations of the Common Man', 'The Philosophy of Vivekananda and the Future of Man', 'তত্ত্ববিদ্যা-সার', এবং 'Buddha, the Humanist.' তাঁর মৃত্যুর পরে অধ্যাপক আমিনুল ইসলামের সম্পাদনায় ১৯৮৪ সালে প্রকাশিত হয় 'Parables of the East' এবং ১৯৯৩ সালে 'My American Experience' নামক বই দুটি। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর ১৬টি বাংলা ও ৫৪টি ইংরেজি প্রবন্ধ প্রকাশিত হয়। এগুলোর মধ্যে 'দর্শন ও একজগৎ', 'বিশ্ব সভ্যতায় মুসলিম দার্শনিকদের দান', 'সমন্বয় দর্শন ও মানুষের ভবিষ্যৎ', 'Religion without Theological Affiliation', 'Humanism and Rationalism', 'In Search of a New Philosophy of Education', 'Science and Religion' ইত্যাদি উল্লেখযোগ্য।
দর্শনে বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গোবিন্দ দেব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত হয়েছেন অনেকবার। তদানীন্তন 'পূর্ব পাকিস্তান সারস্বত সমাজ' কর্তৃক ১৯৬১ সালে তাঁকে 'দর্শন সাগর' উপাধিতে ভূষিত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদ ড. গোবিন্দচন্দ্র দেবকে শিক্ষা ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ১৯৮৫ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক পুরস্কারে এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০০৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। শহীদ দেবের স্মৃতি রক্ষা, তাঁর দর্শনের প্রচার ও প্রকাশনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় 'দেব স্মৃতি সংসদ' ও 'দেব স্মৃতি পাঠাগার'। ১৯৮০ সালে এই বিভাগে প্রতিষ্ঠিত হয় 'Dev Centre for Philosophical Studies' নামক একটি সেন্টার যা পরে নামকরণ হয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র নামে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেস ও ইন্ডিয়ান ফিলসফিক্যাল কংগ্রেসের সভাপতি ও শাখা সভাপতি হিসেবে এবং যুক্তরাজ্যের দি ইউনিয়ন অব দ্য স্টাডি অব জেনারেল রিলিজিয়ন্স-এর এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফিলসফি অব সায়েন্স অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হন। মাঝেমধ্যে দু-এক বছরের বিরতিসহ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অধিষ্ঠিত ছিলেন পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেস পূর্ব পাকিস্তান শাখার সম্পাদক হিসেবে। '৬৬-৬৭ এবং '৭০-৭১ সালে তিনি দুইবার ভিজিটিং ফুল ব্রাইট অধ্যাপক ও বক্তারূপে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া প্রদেশের Wilkes College-এ গমন করেন। তাঁর পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ এবং মানবতাবাদী দর্শন প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে ১৯৬৭ সালের ২৬শে মে স্থাপিত হয় দি গোবিন্দ দেব ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড ব্রাদারহুড। এ প্রতিষ্ঠানের সভাপতির আমন্ত্রণক্রমেই ১৯৭০ সালের অক্টোবর মাসে তিনি পুনরায় চলে যান উইল্কিস কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে। ভিজিটিং প্রফেসরের দায়িত্ব সম্পন্ন করে ড. দেব দেশে ফিরে আসেন ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে এবং পুনরায় যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপকের পূর্বপদে। এর মাত্র কিছুদিন পরই তিনি নির্মমভাবে নিহত হন পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস ও অতর্কিত আক্রমণে।
দার্শনিক গোবিন্দচন্দ্র দেব ছিলেন অকৃতদার। কোনো সন্তানের জনক না হয়েও তাঁর অনেক ছাত্রছাত্রীর কাছেই তিনি ছিলেন পিতার মতো। ছাত্রছাত্রীদের তিনি অত্যন্ত ভালোবাসতেন। অনেক ছাত্রকেই তিনি বিপদে আপদে সাহায্য করেছেন বিভিন্নভাবে। রোগগ্রস্ত ছাত্রদের শয্যাপাশে উপস্থিত হয়েছেন গভীর রাতেও। জ্যোতিপ্রকাশ দত্ত ও রোকেয়া সুলতানাকে লালন-পালন করেছেন পালিত পুত্র-কন্যা হিসেবে। সবরকমের সুযোগ-সুবিধা দিয়ে উভয়কেই উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের বিয়ের ব্যবস্থা করেছেন। তাঁদের জন্য তিনি উইল করে দিয়েছেন তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির এক উল্লেখযোগ্য অংশ। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলকেই তিনি দেখতেন সমান স্নেহ-মমতার দৃষ্টিতে। সকল ধর্মের প্রতিই তাঁর ছিল সমান শ্রদ্ধা। সকল ছাত্র, সহকর্মী, কর্মচারীর সঙ্গে তাঁর ছিল মধুর সম্পর্ক। অপরিচিত অনেক ক্ষুধার্ত মানুষকে বাসায় নিয়ে খাইয়েছেন তিনি, অন্ন-বস্ত্র-অর্থ দিয়ে যথাসাধ্য সাহায্য করেছেন বিভিন্নজনকে। পরিচিত সবার কাছে তিনি ছিলেন একান্ত আপনজন।
সত্‍কাজ করে একশো বছর বেঁচে থাকার ইচ্ছে ব্যক্ত করেছিলেন জিসি দেব তাঁর 'আমার জীবন দর্শন' গ্রন্থের শুরুতে। তাঁর সেই ইচ্ছের যবনিকাপাত ঘটে '৭১ এর ২৬ মার্চের ভোর রাতে, কতিপয় বিশ্বাসঘাতকের সহযোগিতায় পাকিস্তানী বর্বর সেনাবাহিনীর হাতে। তবে যতদিন বেঁচে ছিলেন, জীবনঘনিষ্ঠ ও মানবতাবাদী দর্শন প্রচার করেছেন তিনি। ৬৪ বছর বয়সে জীবনের অবসান ঘটলেও 'সমন্বয়ী দার্শনিক মতবাদ'-এর প্রবক্তা শহীদ গোবিন্দচন্দ্র দেব বেঁচে আছেন মানবপ্রেমের মূর্ত প্রতীক হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে।
এক নজরে গোবিন্দচন্দ্র দেব
পূর্ণনাম, জন্ম : গোবিন্দচন্দ্র দেব পুরকায়স্থ; ১৯০৭ সালের ১লা ফেব্রুয়ারি সিলেট জেলার বিয়ানী বাজারের পঞ্চখণ্ড পরগনার লাউতা গ্রামের সম্বান্ত 'দেব পুরকায়স্থ' পরিবারে জন্মগ্রহণ করেন।
বাবা-মা : ঈশ্বরচন্দ্র দেব পুরকায়স্থ, শরত্‍ সুন্দরী দেবী।
পরিবার : অকৃতদার। জ্যোতিপ্রকাশ দত্ত ও রোকেয়া সুলতানা যথাক্রমে তাঁর পালিত পুত্র ও কন্যা।
শিক্ষা : মাধ্যমিক - পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, ১৯২৫; উচ্চমাধ্যমিক - রিপন কলেজ, কলকাতা, ১৯২৭; স্নাতক (সম্মান) - দর্শনশাস্ত্রে, সংস্কৃত কলেজ, ১৯২৯; স্নাতকোত্তর - কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৩১; পিএইচডি - কালকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৪৪।
পেশা : দার্শনিক ও অধ্যাপক।
কর্মজীবন : ১৯৩১-১৯৪৪, ১৯৩৭-১৯৩৯ কলকাতার রিপন কলেজে শিক্ষকতা; রিপন কলেজ দিনাজপুরে স্থানান্তরিত হলে সেখানে শিক্ষকতা করেন; দিনাজপুরে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ কলেজ এবং এর প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন '৪৬ থেকে '৫৩ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক নিযুক্ত হন ১৯৫৩ সালে, '৬২তে রিডার পদে উন্নীত হন। একই বছরের শেষের দিকে বিভাগীয় প্রধান এবং ১৯৬৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ঢাকা-জগন্নাথ হলের যুগ্ম সত্তার সর্বশেষ যৌথ ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ (১৯৫৬ থেকে ১৯৫৭ পর্যন্ত); জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ১৯৫৭ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত এবং '৬৭ থেকে '৭০ পর্যন্ত। তিনি তত্‍কালীন পূর্ব পাকিস্তান পালি ও সংস্কৃত বোর্ডের সম্পাদক, ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সম্পাদক, তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারের অধীনে শিক্ষাসংস্কার কমিশনের সদস্য, বাংলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য ইত্যাদি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকাশনা : মোট গ্রন্থ নয়টি, যার মধ্যে দুইটি বাংলায় এবং সাতটি ইংরেজিতে। জীবদ্দশায় প্রকাশিত বই 'Idealism and Progress' (1952), 'Idealism: A New Defence and a New Application' (1958), 'আমার জীবন দর্শন' (১৯৬০), 'Aspirations of the Common Man' (1963), 'The Philosophy of Vivekananda and the Future of Man' 'তত্ত্ববিদ্যা-সার' (১৯৬৬), এবং 'Buddha, the Humanist' (1969)। মৃত্যুর পরে প্রকাশিত হয় 'Parables of the East' (1984)এবং 'My American Experience' (1993)। এছাড়া ১৬টি বাংলা ও ৫৪টি ইংরেজি প্রবন্ধ প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকায়।
স্বীকৃতি : তাঁর দর্শনের প্রচার ও প্রকাশনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রতিষ্ঠিত হয় দেব স্মৃতি সংসদ (১৯৭২), দেব স্মৃতি পাঠাগার (১৯৭২) এবং 'Dev Centre for Philosophical Studies' (১৯৮০) (পরে নামকরণ হয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র)। দার্শনিক অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচিত হন পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেস ও ইন্ডিয়ান ফিলসফিক্যাল কংগ্রেসের সভাপতি ও শাখা সভাপতি হিসেবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অধিষ্ঠিত ছিলেন পাকিস্তান ফিলসফিক্যাল কংগ্রেস পূর্ব পাকিস্তান শাখার সম্পাদক হিসেবে। তিনি যুক্তরাজ্যের দি ইউনিয়ন অব দ্য স্টাডি অব জেনারেল রিলিজিয়ন্স-এর এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফিলসফি অব সায়েন্স অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হন। দুইবার ভিজিটিং ফুল ব্রাইট অধ্যাপক ও বক্তারূপে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া প্রদেশের Wilkes College-এ গমন করেন। তাঁর পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ এবং মানবতাবাদী দর্শন প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে ১৯৬৭ সালের ২৬শে মে স্থাপিত হয় দি গোবিন্দ দেব ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড ব্রাদারহুড।
পুরস্কার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সরকারী বৃত্তি লাভ করেন। এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও হেমচন্দ্র মুখার্জি রৌপ্যপদক লাভ করেন। পূর্ব পাকিস্তান শিক্ষিত সমাজ কর্তৃক ১৯৬১ সালে 'দর্শন সাগর' উপাধিতে ভূষিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক (১৯৮৫) এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার (২০০৮) (মরণোত্তর) লাভ করেন।
মৃত্যু : ১৯৭১ সালের ২৬ মার্চ ভোররাতের প্রথম প্রহরে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন অধ্যাপক ড. গোবিন্দচন্দ্র দেব।
কৃতজ্ঞতা: গোবিন্দচন্দ্র দেব-এর দুর্লভ ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছেন অধ্যাপক ডক্টর প্রদীপ রায়। তাঁর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

গিয়াসউদ্দিন আহমদ

দেশ স্বাধীন হতে যাচ্ছে, শেলফে বইয়ের ভেতর বাংলাদেশের পতাকা আছে। কীভাবে আনন্দ করবি ঠিক কর।' দেশ স্বাধীন হওয়ার মাত্র দুই দিন আগে অর্থাত্‍ ১৪ ডিসেম্বর ছোট ভাইবোনদের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ। স্বাধীন দেশের নতুন সূর্যটা দেখার জন্য সবাই অধীর হয়ে অপেক্ষা করছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন দেশের জন্ম দেখার আনন্দ বুকে নিয়ে সবার মতো গিয়াসউদ্দিনও অপেক্ষা করছেন অধীর হয়ে আর ভাই-বোনদের সাথে প্রস্তুতি নিচ্ছেন স্বাধীনতার লাল সূর্যটাকে বরণ করে নেবার। কিন্তু স্বাধীন বাংলাদেশকে দেখার ও ভাইবোনসহ সবার সাথে আনন্দে মেতে ওঠার সৌভাগ্য হয়নি তাঁর। মুক্ত দেশের মুক্ত আকাশ দেখার আগেই ১৪ ডিসেম্বর এদেশের রাজাকার-আলবদরদের বিশ্বাসঘাতকতায় তাঁর জীবনশিখা নিভে যায়।
১৯৭১ সালের অক্টোবর-নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে গেরিলাদের আক্রমণ অনেক বেড়ে যায়। যশোর, খুলনাসহ আরো অনেক এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে ডিসেম্বরের ৭-৮ তারিখ থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার হয় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাওয়ার সময় পাকবাহিনীর দ্বারা অনেক বুদ্ধিজীবীকে হত্যা করার খবর। ১০ ডিসেম্বর বিকেলের দিকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয় ঢাকায়। ১২ ডিসেম্বর সামরিক বাহিনীর লোকজনের থাকার জন্য তাদেরই নির্দেশে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয় অনেককে। গিয়াসউদ্দিন আহমদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের হাউস টিউটরের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৩ ডিসেম্বর সকালের দিকে কারফিউ শিথিল হলে তিনি তাঁর আত্মীয়দের খবর নিতে বের হন। সেদিনই বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ আসে গিয়াসউদ্দিন আহমদের বোন ফরিদা বানু ও তাঁর পরিবারের কাছে। ১৩ ডিসেম্বর তাঁদেরকে নিজের মহসীন হলের বাসায় নিয়ে আসেন গিয়াসউদ্দিন। তাঁর বোনসহ আরো কয়েকজন আত্মীয়ও ছিলেন তাঁর বাসাতেই।
১৪ ডিসেম্বর কাদা-লেপা ইপিআরটিসির (বর্তমানের বিআরটিসি) একটা লাল মাইক্রোবাস মহসীন হলের হাউস টিউটরদের বাসার সামনে থামল। সাধারণ পোশাক পরা, মুখে রুমাল বাঁধা একজন ও রাইফেল হাতে দুইজন নেমে এল গাড়ি থেকে। আশপাশের বাসাগুলোর টেলিফোনের তার কেটে ফেলা হলো। কিছুক্ষণ পরেই ধাক্কা পড়ল গিয়াসউদ্দিন আহমদের বাসার দরজায়। মাইক্রোবাস থেকে নেমে আসা সেই তিনজন ঘরে ঢুকে রাইফেল তাক করে বিভিন্ন ঘর, খাটের তলায় গিয়াসউদ্দিনকে খুঁজে না পেয়ে চলে যায়। মিনিট দশেক পরে আবার ফিরে এসে ঘরগুলো ভালো করে খুঁজল তারা। সেদিন সকাল থেকেই পানি ছিল না মহসীন হলে। হলের মিস্ত্রির অনুপস্থিতিতে গিয়াসউদ্দিন আহমদ তখন হলের পানি সঙ্কট নিরসনে কাজ করছিলেন। এ কথা শুনে সেই তিনজন তখন হলের পাম্পের কাছে যায়। সেখানে গিয়াসউদ্দিন আহমদকে পেয়ে হলের দারোয়ানের গামছা দিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। সেদিনই অন্য অনেক বুদ্ধিজীবীর সঙ্গে তাঁকেও মিরপুরের বধ্যভূমিতে গুলি করে হত্যা করে পাষণ্ডরা।
এভাবেই ঘৃণ্য হায়েনার কূটকৌশলের কাছে পরাস্ত হয়ে পাকিস্তানী জল্লাদ বাহিনীর হাতে শহীদ হন গিয়াসউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের কাছে যিনি ছিলেন প্রিয় গিয়াস স্যার, অনুজদের কাছে শ্রদ্ধেয় গিয়াস ভাই, জ্যেষ্ঠ ও আত্মীয়-পরিজনদের কাছে আদরের 'বাচ্চু'।
বর্তমান বাংলাদেশের নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর গ্রামটির নাম বেলাব। এ গ্রামের অধিবাসী ছিলেন গিয়াসউদ্দিন আহমদের পিতা আবদুল গফুর। ঢাকা কলেজ থেকে পদার্থবিদ্যায় সম্মান নিয়ে বি.এ. পাস করার পর জনাব আবদুল গফুর যখন প্রেসিডেন্সি কলেজে এম. এ. ক্লাসে পড়তেন, তখন বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তকুমার মহলানবীশ তাঁর সহপাঠী ছিলেন এবং তাঁর এক ক্লাস নিচেই পড়তেন বিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন বসু ও মেঘনাদ সাহা। গিয়াসউদ্দিন আহমদের মাতা শামসুন্নাহার বেগম কিশোরগঞ্জ জেলার কালিকাপ্রসাদের বিখ্যাত জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। আবদুল গফুর সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে। সেখানে ১৯৩৩ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু। নতুন শিশুর আগমনে পরিবারের সবার মধ্যেই ছিল সীমাহীন আনন্দ। নাম যখন ঠিক হয়নি, সবাই আদর করে তাকে ডাকত 'বাচ্চু'। এরপর আকিকা করে নাম দেওয়া হলো গিয়াসউদ্দিন আহমদ। তখনকার সমাজের অন্য পরিবারগুলোর মতো আবদুল গফুরও তাঁর সব ছেলেমেয়েকে কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বড় করেন। পিতা-মাতা সযত্নে গঠন করেছিলেন একটি শিক্ষিত ও আলোকিত পরিবার। তৃতীয় সন্তান বাচ্চুর পরে আবদুল গফুর-শামসুন্নাহার দম্পতির সংসারে আরও এসেছে এক ছেলে ও চার মেয়ে। তবে বাচ্চুর জন্য বাবা-মা ও ভাই-বোনদের মনে ছিল আলাদা জায়গা। পিতার সব কঠিন নিয়ম-কানুন শিথিল করা হতো কেবল বাচ্চুর ক্ষেত্রেই। বাচ্চুও পরবর্তীতে হয়ে উঠেছিলেন পরিবারের সবচেয়ে দায়িত্বশীল সদস্য।
শৈশবকাল থেকেই বাচ্চু ছিলেন সবার আদরের পাত্র। তাঁর স্নিগ্ধ চেহারার দিকে তাকালে চোখ ফেরানোই কঠিন হতো। স্বভাব-চরিত্রে অতি ধীরস্থির, উচ্চকন্ঠ কিন্তু মধুরভাষী বাচ্চুর লেখাপড়ায় ছিল গভীর আগ্রহ। বাচ্চু ১৯৪২ সালে ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। স্কুলের খাতায় তাঁর নাম গিয়াসউদ্দিন আহমদ। ক্লাসের সেরা ছেলে, সেরা বক্তা ও সেরা আবৃত্তিকার ছিলেন গিয়াসউদ্দিন। বাবার সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ ও সপরিবারে গ্রামে আসার ফলে ১৯৪৩-'৪৪ এই দুই বছর গ্রামের বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশুনা করেন তিনি। ১৯৪৪ সালের শেষের দিকে চাকরিতে পুনর্নিয়োগ লাভ করে ঢাকায় আসেন তাঁর বাবা। গিয়াসউদ্দিন আহমদ আবার সেন্ট গ্রেগরিজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন ১৯৪৫ সালে। এই স্কুল থেকে তিনি ১৯৫০ সালে গণিতে লেটারমার্কসহ মেধা তালিকায় দশম স্থান অর্জন করে প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন) পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সেন্ট গ্রেগরিজ কলেজ (পরবর্তীকালে নটরডেম কলেজ)-এর ছাত্র থাকাকালে কলেজের তত্‍কালীন ইতিহাসের শিক্ষক ফাদার গিলেসবি, যুক্তিবিদ্যা ও দর্শনের শিক্ষক ফাদার গাঙ্গুলি ইত্যাদি খ্যাতিমান দিকপালের কাছে গিয়াসউদ্দিন ছিলেন অত্যন্ত প্রিয়পাত্র। এই কলেজ থেকেই ১৯৫২ সালে তিনি গণিতে লেটারমার্কসহ মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করে প্রথম বিভাগে আই. এ. পাস করেন। সে-বছরই তাঁর বাবা আবার চলে যান গ্রামের বাড়িতে। গিয়াসউদ্দিন আহমদ তখন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ১৯৫৫ সালে তিনি এই বিভাগ থেকে বি. এ. (সম্মান) পাস করেন এবং একই বিভাগে এম. এ. শ্রেণীতে ভর্তি হন। কিন্তু অসুস্থতার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি প্রথম বছর। পরের বছর অর্থাত্‍ ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম. এ. পাস করেন। বি.এ ও এম.এ উভয় পরীক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণীতে প্রথম হন।
এম.এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরপরই কর্মজীবনে প্রবেশ করেন গিয়াসউদ্দিন আহমদ। ১৯৫৭ সালের নভেম্বর মাসে তিনি ঢাকা জগন্নাথ কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ১৯৫৮-র আগস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অস্থায়ী প্রভাষক পদে নিযুক্ত হন এবং ১৯৬২ সালে স্থায়ী পদ লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের অল্পদিনের মধ্যেই তিনি নিজেকে একজন অত্যন্ত সফল শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় তাঁর ছিল লক্ষণীয় দক্ষতা। অত্যন্ত সরল ইংরেজিতে ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ইতিহাস ও ইউরোপের ইতিহাস পড়াতেন তিনি। আর ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর গম্ভীর, উচ্চ-কন্ঠস্বরের এসব বক্তৃতা শুনতো। প্রিয় গিয়াস স্যারের সরল ও প্রাঞ্জল বক্তৃতা ক্লাসের সব ছাত্রছাত্রীর কাছেই ছিল অন্যতম প্রধান আকর্ষণ। সে-সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস বিষয়ের পাঠ্যসূচির পরিধি ছিল অত্যন্ত সঙ্কীর্ণ। অন্যদিকে বিলেতের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে অক্সফোর্ড, কেম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পাঠ্যসূচি ছিল অপেক্ষাকৃতভাবে অনেক সমৃদ্ধ। গিয়াসউদ্দিন তাই ঠিক করেছিলেন সুযোগ পেলে ঐসব বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রীর জন্য পড়াশুনা করবেন। সৌভাগ্যক্রমে ১৯৬৪ সালে তাঁকে কমনওয়েলথ বৃত্তির জন্য মনোনীত করা হয় এবং তিনি উক্ত বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে গমন করেন। অন্যদের মতো পি.এইচ. ডি. ডিগ্রীর জন্য ভর্তি না হয়ে তিনি ভর্তি হন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ, আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সম্মান শ্রেণীতে। তিন বছর অধ্যয়নের পর কৃতিত্বের সঙ্গে আন্তর্জাতিক ইতিহাসে বি.এ. অনার্স (সম্মান) ডিগ্রী অর্জন করে গিয়াসউদ্দিন আহমদ ১৯৬৭ সালে দেশে ফিরে এসে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষকের পদে যোগ দেন। শিক্ষক হিসেবে এবং সলিমুল্লাহ্ মুসলিম হল ও মহসীন হলে হাউস টিউটরের দায়িত্বে থাকার সময় তিনি ছাত্রদের প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেন।
বাহান্নর ভাষা আন্দোলন ও তার পরবর্তী বিভিন্ন ধর্মঘট, মিছিল, ক্লাস বর্জন ইত্যাদিতে গিয়াসউদ্দিন থাকতেন প্রতিবাদীদের প্রথম সারিতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নিয়েছিলেন তিনি। ঊনসত্তরের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে। ১৯৭১ সালের দুঃসহ-আর্ত দিনগুলোতে তাঁর সমসাময়িক অনেকেই যখন আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন নিরাপত্তার ঠাঁই পেয়েও সে সুযোগ গ্রহণ করেননি গিয়াসউদ্দিন। '৭১-এর ২৫ মার্চের হত্যাযজ্ঞের পর তিনি লোকচক্ষুর অন্তরালে নিয়োজিত হন এক মহান ব্রতে। প্রতিটি শহীদ পরিবারের খোঁজ নিয়ে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং শহীদদের ওপর একটি পরিসংখ্যান তৈরি করেন। অর্থ, ওষুধ, কাপড়-চোপড় ও খাবার সংগ্রহ করে বিপদগ্রস্ত পরিবার ও মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন তিনি। মুক্তিযোদ্ধারা তখন নিয়মিত আসা-যাওয়া করতেন ঢাকায়। তাদের সাথে যোগাযোগ রাখতেন গিয়াসউদ্দিন। টাকা-পয়সা, কাপড়-চোপড়, ওষুধপত্র ইত্যাদি জোগাড় করে সেসব মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতেন, কখনো পৌঁছে দিতেন তাঁদের নির্দিষ্ট ঠিকানায়। কখনো ডাক্তার নিয়ে পৌঁছে যেতেন কোনো আহত মুক্তিযোদ্ধার আস্তানায়।
গিয়াসউদ্দিন আহমদের ছোট ভাই এবং সে-সময়ে দেশের একমাত্র এফআরসিএস নিউরোসার্জন রশিদউদ্দিনকে প্রায়ই জোর করে নিয়ে যাওয়া হতো ঢাকা সিএমএইচে যুদ্ধাহত ও মাথায় আঘাত পাওয়া পাকিস্তানী সৈন্যদের চিকিত্‍সার জন্য। রশিদউদ্দিন অত্যন্ত গোপনে, গিয়াসউদ্দিনের সহযোগিতায় আহত মুক্তিযোদ্ধাদেরও চিকিত্‍সা করে সুস্থ করার দায়িত্ব পালন করতেন। সেপ্টেম্বর মাসে আলতাফ মাহমুদ ও কয়েকজন মুক্তিযোদ্ধা পাক-বাহিনীর হাতে বন্দি হন। এদের মধ্যে ডা. রশিদউদ্দিনের চিকিত্‍সাধীন মুক্তিযোদ্ধাও ছিলেন। এ ঘটনার পর বর্ডার পার হয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন ডা. রশিদউদ্দিন। সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়াসউদ্দিনই তাঁকে ডেমরা ঘাটে দিয়ে আসেন। ভাই-বোনরা তখন তাঁকেও অনেক করে বলেন ভারতে চলে যেতে। কিন্তু দেশ ছেড়ে যাবার মানুষ নন গিয়াসউদ্দিন। দেশে তখন অনেক কাজ তাঁর। প্রতিদিন সন্ধ্যায় একটা খাকি প্যান্ট ও শার্ট পরে বেরিয়ে পড়তেন রাস্তায়। ছয় ফুটের মতো লম্বা, গৌরবর্ণের এই মানুষটিকে হঠাত্‍ দেখলে বিদেশি মনে করে ভুল হতো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাড়ি বাড়ি গিয়ে তিনি খবর নিতেন কার ঘরে খাবার নেই, কার জামা-কাপড় নেই, কার শীতের গরম কাপড়ের প্রয়োজন, কে অসুস্থ ইত্যাদি। শুধু খোঁজ নিয়েই ক্ষান্ত হননি তিনি। এর-ওর কাছ থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করতেন। তারপর সেসব দিয়ে তাঁর অনেক সহকর্মী, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের নিরাপদ আশ্রয়ের চেষ্টা করতেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবন চালানোর জন্য নূ্ন্যতম খরচের টাকা জোগাড় করতেন। এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সহকর্মীর জীবন বাঁচাতে গিয়ে অথবা বেতন-স্থগিত চতুর্থ শ্রেণীর ছাপোষা কর্মচারীদের জীবন চালানোর চেষ্টা করতে গিয়ে হয়ত তিনি চোখে পড়ে গিয়েছিলেন পাকিস্তানী প্রশাসক বা অনুরূপ কোনো কর্তৃপক্ষ বা তাঁদের অনুগত দালালদের।
সেপ্টেম্বর মাসের শেষদিকে একদিন সামরিক বাহিনীর লোকেরা মহসীন হলের তত্‍কালীন প্রাধ্যক্ষ ড. ওয়াদুদুর রহমান, হাউস টিউটর জহুরুল হক ও গিয়াসউদ্দিন আহমদকে রমনা থানায় ধরে নিয়ে যায়। সারাদিন জিজ্ঞাসাবাদ শেষে ড. ওয়াদুদ, জহুরুল হক ও গিয়াসউদ্দিনকে ফিরিয়ে দিয়ে গেলেও পরের দিন আবার তাঁদের যেতে হয় রমনা থানায়। পরের দিনও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় তাঁদের। অনেক বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী গিয়াসউদ্দিনকে উপদেশ দেন যে, তিনি যেন নিজের বাড়িতে না থাকেন। গিয়াসউদ্দিন বলেন, 'আমি তো কারো শত্রুতা করিনি, আমার আবার কী হবে?'
এমন সরলপ্রাণ মানুষটি পাকিস্তানী সৈন্যদের জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেও শেষপর্যন্ত ছাড়া পাননি নিজ দেশের রাজাকার- আলবদর-আল শামসদের হাত থেকে। এদের ষড়যন্ত্রেই তাঁকে প্রাণ দিতে হয় পাকিস্তানী জল্লাদদের হাতে। অন্য অনেক বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর স্থান হয় মিরপুর গোরস্তানের গণকবরে। এরপর '৭২-এর ৪ জানুয়ারি মিরপুরের এই গণকবর থেকে গিয়াসউদ্দিন আহমদের লুঙ্গি, শার্ট, তাঁর চোখ বাঁধার গামছা এবং এগুলোতে জড়িয়ে থাকা কিছু দেহাবশেষ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। সেগুলো নিয়ে অন্য শহীদদের সঙ্গে তাঁর দেহাবশেষ সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে।
দেশি ও পাকিস্তানী জল্লাদরা তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দিলেও তিনি সারা জীবন আলো দিয়ে যাবেন তাঁকে দেওয়া বিভিন্ন মরণোত্তর সম্মাননার মাধ্যমে। গিয়াসউদ্দিন আহমদের স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে ১৯৭২ সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারীর জন্য শহীদ গিয়াসউদ্দিন বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। তাঁর মূল্যবান ও অতি প্রিয় সব বই দান করা হয় এই বিভাগের সেমিনারে। পারিবারিক উদ্যোগেই তাঁর বেলাব গ্রামে শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ বালিকা বিদ্যালয়, শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ পাঠাগার এবং তাঁদের ডেপুটি বাড়ি নামে পরিচিত বাড়িটিতে আলোকিত ভুবন নামে একটি এতিমখানা ও একটি ডাকঘর প্রতিষ্ঠা করা হয়। গিয়াসউদ্দিন আহমদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত এফ. রহমান হলের উল্টো দিকে রাস্তার পাশের আবাসিক এলাকাটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিহিত করেছেন 'শহীদ গিয়াসউদ্দিন আহমদ আবাসিক এলাকা' নামে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইতিহাস বিভাগে প্রচলন করা হয়েছে 'শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতা'। সেসব বক্তৃতা দিয়ে থাকেন দেশের প্রথিতযশা, মুক্ত-চিন্তা-চেতনার অধিকারী সর্বজনশ্রদ্ধেয় বুদ্ধিজীবীরা। এছাড়া ২০০৬ সালে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে গিয়াসউদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে।
গিয়াসউদ্দিন আহমদরা ছিলেন আট ভাই-বোন। বড় ভাই নাসিরউদ্দিন আহমদ, ছোট ভাই রশিদউদ্দিন আহমদ এবং পাঁচ বোন খোরশেদা বানু, খালেদা বানু, হামিদা বানু, ফরিদা বানু ও সাজেদা বানু। ১৯৬১ সালের মে মাসে তাঁর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আর ১৯৬৯ সালের ডিসেম্বর মাসে মারা যান তাঁর পিতা আবদুল গফুর। বাবা-মা, ভাই-বোন সবার প্রতিই তিনি ছিলেন খুব যত্নবান ও দায়িত্বশীল। গিয়াসউদ্দিন আহমদ বিয়ে করেননি। তাই বেঁচে থাকতে বাবা রাগ করে বলতেন, 'আমার কতো যত্ন করছ তুমি। তোমার অসুখ হলে বুড়ো বয়সে কে দেখাশুনা করবে?' বাবার সামনে কিছু না বললেও ভাইবোনদের কাছে হাসতে হাসতে গিয়াসউদ্দিন বলতেন, 'বুড়ো বয়সে অসুখ হলে হাসপাতালে চলে যাবো।' হয়ত অবচেতনভাবে তিনি জানতেন এই পৃথিবীতে বেশিদিন তাঁর থাকা হবে না। তাই কখনো ভবিষ্যত্‍ নিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা করতে দেখা যেত না তাঁকে। অত্যন্ত সাদামাটাভাবে জীবন কাটিয়েছেন তিনি।
কোমল ও দরদী প্রকৃতির গিয়াসউদ্দিন ভালোবাসতেন গল্প করতে ও আড্ডা দিতে। তিনি ছিলেন বন্ধুবত্‍সল ও কর্তব্যপরায়ণ। তাঁর কথা বলার ভঙ্গি, গাম্ভীর্যপূর্ণ অভিব্যক্তি আকর্ষণ করত সবাইকে। দরাজ গলায় স্পষ্টভাবে উচ্চস্বরে কথা বলতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিশাল করিডোরগুলো, মাঠ ও ক্যান্টিন মুখর হয়ে থাকত তাঁর চঞ্চল পদচারনায়, সতীর্থদের সঙ্গে প্রাণখোলা হাসিতে ও স্পষ্টবাদী উচ্চারণে। দু-এক বছরের ছোট-বড় মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে তাঁর বন্ধুদের তালিকায় ছিলেন আবুল মাল আবদুল মুহিত, সিরাজুল ইসলাম চৌধুরী, কে. এ. এম. সাদউদ্দিন, আনিসুজ্জামান, আবদুল মমিন চৌধুরী, মোকাদ্দেসুর রহমান এবং আরো অনেকে। তাঁর সুললিত কন্ঠস্বর এক দশকেরও বেশি সময় ধরে ক্লাসকক্ষের ভেতরে ও বাইরে অনেক তরুণ প্রাণকে মন্ত্রমুগ্ধ করেছে; উজ্জীবিত করেছে নিপীড়িত গণমানসের মুক্তি কামনা। তবে সভা-সমিতিতে কথা বলতেন না তিনি, লেখার প্রতিও আগ্রহ ছিল না তাঁর। তিনি খোলামনে কথা বলতেন ব্যক্তিগত আলাপচারিতায়, সেখানে বলতেন এক স্বপ্নময় পৃথিবীর কথা। তাঁকে দেখা যেত হলের ছাত্রদের অসংখ্য সমস্যা সমাধান করতে, প্রতিবেশী শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খবর নিতে।
খেলাধুলায়ও অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি। দাবা খেলায় সলিমুল্লাহ মুসলিম হলে ছিলেন চ্যাম্পিয়ন। তাঁর বাস্কেটবল খেলার নৈপুণ্যে সলিমুল্লাহ হল অথবা ইতিহাস বিভাগ জয়ী হতো অধিকাংশ সময়। টেনিস খেলায়ও তাঁর পারদর্শিতা ছিল লক্ষণীয়। কিন্তু ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হওয়া, কলেজে পড়ার সময় হার্নিয়া অপারেশন এবং এর বছরখানেক পরেই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ইত্যাদি কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন তিনি। স্বাস্থ্যগত কারণে এক পর্যায়ে তাই তাঁকে বাস্কেটবল, টেনিস খেলা ছেড়ে দিতে হয়। খেলাধুলার পাশাপাশি গানেরও বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের একজন ভক্ত ছিলেন তিনি। রবীন্দ্রনাথের 'রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে' গানটি ছিল তাঁর অত্যন্ত প্রিয়।
রাতে রাতে আলোর শিখা জ্বেলে রাখাকে যিনি জীবনের ব্রত করেছিলেন, তাঁরই জীবনশিখা নিভে গেছে এদেশের রাজাকার-আলবদরদের বিশ্বাসঘাতকতায়। তাদের ঘৃণ্য চক্রান্তের কাছে সেদিন গিয়াসউদ্দিনের ব্যক্তিসত্তা পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু নিঃস্বার্থ, পরোপকারী শহীদ গিয়াসউদ্দিন আহমদ আজও বেঁচে আছেন স্বাধীন বাংলাদেশের আকাশে-বাতাসে-মাটিতে-বয়ে যাওয়া নদীর জলে।
সংক্ষিপ্ত জীবনী
পূর্ণনাম : গিয়াসউদ্দিন আহমদ।
জন্ম, জন্মস্থান : ১৯৩৩ সালের ১১ আগস্ট পিতার কর্মস্থল পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে।
পিতা-মাতা: আবদুল গফুর, শামসুন্নাহার বেগম।
শিক্ষা: প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন)-সেন্ট গ্রেগরিজ স্কুল, ১৯৫০; আই. এ.-সেন্ট গ্রেগরিজ কলেজ (পরবর্তীকালে নটরডেম কলেজ), ১৯৫২; বি. এ. (সম্মান)- ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৫৫; এম. এ.-ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৫৭; বি. এ. অনার্স (সম্মান)- আন্তর্জাতিক ইতিহাস বিভাগ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, ১৯৬৭।
পেশা : অধ্যাপনা।
কর্মজীবন : ঢাকা জগন্নাথ কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক (১৯৫৭); ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অস্থায়ী প্রভাষক (১৯৫৮); উক্ত পদে স্থায়ী পদ লাভ করেন ১৯৬২ সালে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ আন্তর্জাতিক ইতিহাসে বি.এ. অনার্স (সম্মান) ডিগ্রি অর্জন করে ১৯৬৭ সালে দেশে ফিরে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষকের পদে যোগ দেন। শিক্ষক হিসেবে এবং সলিমুল্লাহ্ মুসলিম হল ও মহসীন হলে হাউস টিউটরের দায়িত্বে থাকার সময় তিনি ছাত্রদের প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধে অবদান : বাহান্নর ভাষা আন্দোলন এবং ঊনসত্তরের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন গিয়াসউদ্দিন আহমদ। '৭১-এর ২৫ মার্চের হত্যাযজ্ঞের পর তিনি প্রতিটি শহীদ পরিবারের খোঁজ নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং শহীদদের ওপর একটি পরিসংখ্যান তৈরি করেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। অর্থ, ওষুধ, কাপড়-চোপড় ও খাবার সংগ্রহ করে বিপদগ্রস্ত পরিবার ও মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। হিন্দু ধর্মাবলম্বী অনেক শিক্ষকের নিরাপদ আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবন চালানোর জন্য নূ্যনতম খরচের টাকা জোগাড় করে তাদের সাহায্য করতেন। এসব কাজের জন্য সেপ্টেম্বর মাসের শেষদিকে সামরিক বাহিনীর লোকেরা তাঁকে রমনা থানায় ধরে নিয়ে সারাদিন জিজ্ঞাসাবাদ করে। পরের দিন আবার জিজ্ঞাসাবাদ শেষে তিনি ছাড়া পান।
মরণোত্তর সম্মাননা : গিয়াসউদ্দিন আহমদের স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারীর জন্য শহীদ গিয়াসউদ্দিন বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। তাঁর মূল্যবান ও অতি প্রিয় সব বই দান করা হয় এই বিভাগের সেমিনারে। পারিবারিক উদ্যোগেই তাঁর বেলাব গ্রামে 'শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ বালিকা বিদ্যালয়', 'শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ পাঠাগার' এবং তাঁদের ডেপুটি বাড়ি নামে পরিচিত বাড়িটিতে 'আলোকিত ভুবন' নামে একটি এতিমখানা ও একটি ডাকঘর প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি গিয়াসউদ্দিন আহমদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত এফ. রহমান হলের উল্টো দিকে রাস্তার পাশের আবাসিক এলাকাটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিহিত করেছেন 'শহীদ গিয়াসউদ্দিন আহমদ আবাসিক এলাকা' নামে। শহীদ বুদ্ধিজীবী স্মরণে ইতিহাস বিভাগে প্রচলন করা হয়েছে 'শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতা'। এছাড়া ২০০৬ সালে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে গিয়াসউদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে।
মৃত্যু: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি সৈন্যরা গিয়াসউদ্দিন আহমদকে মহসীন হল থেকে দারোয়ানের গামছা দিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। সেদিনই অন্য অনেক বুদ্ধিজীবীর সঙ্গে তাঁকেও মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে। এরপর ১৯৭২ সালের ৪ জানুয়ারী মিরপুরের গণকবর থেকে গিয়াসউদ্দিন আহমদের লুঙ্গি, শার্ট, তাঁর চোখ বাঁধার গামছা এবং এগুলোতে জড়িয়ে থাকা কিছু দেহাবশেষ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। সেগুলো নিয়ে অন্য শহীদদের সঙ্গে তাঁর দেহাবশেষ সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে।
কৃতজ্ঞতা: জনাব নুরুল হক (প্রাক্তন সচিব, বাংলাদেশ সরকার) ও ফরিদা বানু (প্রাক্তন সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়); গিয়াসউদ্দিন আহমদের দুর্লভ ছবি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য।